বিনোদন ডেস্ক : জানা গেছে, আগামী ৯ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গে আসছে জয়ার নতুন সিনেমা ‘ভূতপরী’। অন্যদিকে একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে ‘পেয়ারার সুবাস’। জয়ার ‘পেয়ারার সুবাস’ মুক্তির খবরটি নিশ্চিত করেছেন পরিচালক নুরুল আলম আতিক ও প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল।
ছয় বছর আগে অভিনেত্রী অভিনয় করেছিলেন আন্তর্জাতিক মহলে আলোচিত নির্মাতা নূরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ সিনেমায়। সব জটিলতা কাটিয়ে এবার দর্শকের সামনে আসতে যাচ্ছে সিনেমাটি। এর আগে গত ২৩ নভেম্বর সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে।
সিনেমাটিতে অভিনয় করেছেন জয়া আহসান, তারিক আনাম খান, আহমেদ রুবেল, দিহান, সুষমা সরকার, মাহমুদ, নূর ইমরান মিঠু, মশিউল আলম, জয়িতা মহালনবিশ, আঁখি আফরোজসহ অনেকেই।
অন্যদিকে সৌকর্য ঘোষাল পরিচালিত ‘ভূতপরী’র দিনক্ষণ অনেক আগে থেকেই চূড়ান্ত। সে অনুযায়ীই মুক্তি পাবে সিনেমাটি। এতে জয়া ছাড়াও আছেন ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্ত চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়, বিষান্তুকসহ অনেকে। এ বিষয়ে জয়া বলেন, ‘মূলত সিনেমাটি ভূতের আত্মকথন। এক নারী ১৯৪৭ সালে মারা যান। ২০১৯ সালে তার অতৃপ্ত আত্মার সঙ্গে সাক্ষাৎ হয় এক বাচ্চা ছেলের। যার হাত ধরে সে তার মারা যাওয়ার কারণ অনুসন্ধান করতে থাকে। একটা সময় সেই অতৃপ্ত আত্মা মানে ভূত আবিষ্কার করে যে, ১৯৪৭ সালে তার মৃত্যুটি স্বাভাবিক ছিল না, ওটা ছিল খুন!’
ভৌতিক গল্পের সঙ্গে সিনেমাটিতে জড়িয়ে রয়েছে ক্রাইম ও থ্রিলার। কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক নিবেদিত এই ছবির নাম ভূমিকায় রয়েছেন জয়া আহসান। এছাড়া বাচ্চা ছেলেটির চরিত্রে অভিনয় করবেন বিশান্তক মুখার্জি। সিনেমাটিতে আরও রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, শান্তিলাল মুখার্জি প্রমুখ।
কিউএনবি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৪,/রাত ১১:২০