ডেস্ক নিউজ : আগামী রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, রমজানকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা লাভের আশায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে দেন। এটি ধর্মীয় বা নৈতিকভাবে সমর্থনযোগ্য নয়।
সোমবার (১৫ জানুয়ারি) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নব-নির্বাচিত সভাপতি আশরাফ আহমেদের নেতৃত্বে পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সঙ্গে শিল্প ভবনে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
সাক্ষাতকালে ঢাকা চেম্বারের সভাপতি আশরাফ আহমেদ পিপিপি মডেলের ভিত্তিতে বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলসমূহের অবকাঠামাসহ অন্যান্য পরিসেবার উন্নয়নে বেসরকারিখাতের অংশগ্রহণ বৃদ্ধি এবং সারাদেশে বিসিক-এর শিল্প এলাকার অব্যবহৃত প্লটসমূহে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রস্তাব করেন।
তিনি বলেন, এলডিসি পরবর্তী সময়ে আমাদের রফতানি পণ্যের চ্যালেঞ্জ মোকাবিলায় শিল্প নীতি, শ্রম নীতি, আমদানি-রফতানি নীতি এবং পরিবেশ সুরক্ষা বিষয়ক নীতিমালা সমূহের প্রয়োজনীয় সংষ্কার ও নীতি সমন্বয় একান্ত অপরিহার্য। এছাড়াও দেশের সিএমএসএমই খাতের সার্বিক বিকাশের লক্ষ্যে এসএমই সংজ্ঞা পুননির্ধারণ করার প্রস্তাব করেন ডিসিসিআই সভাপতি, যা কুটির, ক্ষুদ্র ও ছোট উদ্যোক্তাদের ঋণ এবং নীতি সহায়তা প্রাপ্তিতে সহযোগিতা করবে, এছাড়াও তিনি স্থানীয় শিল্পের বিকাশে ‘এসএমই আইন’ প্রণয়নের প্রস্তাব করেন।
চেম্বারের সভাপতি জানান, প্রতিবছর বাংলাদেশ পণ্য উৎপাদনে ৬৮.৬ বিলিয়ন মার্কিন ডলারের কাঁচামাল আমদানি করে থাকে, এমতাবস্থায় শিল্পখাতে আমদানি নির্ভরতা কমাতে তৈরি পোশাক, চামড়া, হালকা প্রকৌশলসহ সম্ভাবনাময় অন্যান্য খাতের কাঁচামাল উৎপাদনে নীতি সহায়তা ও সক্ষমতা বাড়ানো প্রয়োজন। তিনি বলেন, জিডিপিতে শিল্পখাতের অবদান ৩৭.৫৬% হতে ৪০% উন্নীতকরণের লক্ষ্যে সরকার-বেসরকারিখাতের সমন্বয় আরো বৃদ্ধি করা প্রয়োজন। সেই সাথে ক্লাস্টার ভিত্তিক শিল্পখাতের উন্নয়ন ও রফতানি খাতের বিকাশে ‘সেন্ট্রাল বন্ডেড ওয়ারহাউস’ স্থাপনের প্রস্তাব করেন।
ঢাকা চেম্বারের ঊর্ধ্বতন সহ-সভাপতি মালিক তালহা ইসমাইল বারী এবং সহ-সভাপতি মো. জুনায়েদ ইবনে আলীসহ আরও উপস্থিত ছিলেন, পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদফরের মহাপরিচালক মো. মুনিম হাসান, ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের (এনপিও) মহাপরিচালক মুহম্মদ মেসবাহুল আলম এবং শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আনোয়ারুল আলম প্রমুখ।
কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:৪৫