আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজায় ২০২৪ সাল জুড়েই যুদ্ধ চলমান থাকবে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাপ্রধান হারজি হালেভি। একইসাথে ইরানের ওপরও সরাসরি হামলার হুঁশিয়ারি দিয়েছেন।
রোববার (৭ জানুয়ারি) অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর সফরকালে এসব কথা বলেন ইসরায়েলি সেনাপ্রধান। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
খবরে বলা হয়েছে, ইস্রায়েল সেনাপ্রধান সফর কালে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে জানিয়েছেন, ২০২৪ সাল একটা চ্যালেঞ্জিং বছর হবে।তিনি বলেন, ‘গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধ ‘আরও অনেক মাস’ ধরে চলতে পারে।’
এদিকে টানা ৩ মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে গাজা পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে । এমনকি হাসপাতালসহ চিকিৎসা সুবিধাও এখন অনিরাপদ বলে জানিয়েছেন ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা ।
জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের অফিসের (ওসিএইচএ) একজন প্রতিনিধি বিবিসিকে বলেছেন, গাজা পরিস্থিতির অবনতিতে তারা অত্যন্ত উদ্বিগ্ন।
হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গাজায় ২২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।
কিউএনবি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৪,/দুপুর ১২:৪৮