মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

নরসিংদীতে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৮ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনে নির্বাচনের আচরণবিধি ভঙ্গের দায়ে মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক নাদিম মাহমুদ (২৮) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার ভোরে মনোহরদী এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া নাদিম মাহমুদ মনোহরদীর দৌলতপুর ইউনিয়নের কেরানীনগর এলাকার নাসির উদ্দিনের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক।

বুধবার দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ড. বদিউল আলম এ তথ্য নিশ্চিত করেন। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় দৌলতপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক নাদিম মাহমুদ স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম খান বীরুর উদ্দেশ্যে হুমকি প্রদান করে বলেন, “আমাদের ভিতর থেকে যদি আপনারা বীরু’র নির্বাচন করেন…একদম সমান বানিয়ে ফেলবো…যারা বীরু’র নির্বাচন করবে আমাদের ভিতর থেকে, তাদের কিন্তু একজনেরও অস্তিত্ব থাকবে না…”। তার এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

এতে স্বতন্ত্র প্রার্থী ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আতংক ও ভয়ভীতির সৃষ্টি হয়। তার এহেন আচরণে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবৈধ প্রভাব খাটানোর অভিপ্রায় প্রকাশিত হয় এবং স্বতন্ত্র প্রার্থীকে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনী প্রচারণা থেকে বিরত রাখার চেষ্টার শামিল যা গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ৭৩ (২খ)/৮৪ক- নং ধারার অপরাধ। এ ঘটনায় জেলা রিটার্নিং অফিসারের নির্দেশে মনোহরদীর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জাসিদুল ইসলাম বাদী হয়ে বুধবার ভোরে মনোহরদী থানায় মামলা করেন। মামলার পর নিজ বাসা হতে নাদিম মাহমুদকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার নরসিংদী ড. বদিউল আলম বলেন, ‘আমরা অবাধ, সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচন উপহার দিতে চাই। এতে কেউ বাধা প্রদান করলে বা নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’

 

 

কিউএনবি/আয়শা/২০ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit