বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের কাছে রবিবার সকালে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী কন্টেইনার ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে রেললাইনের ক্ষতি ও স্পিপার ভেঙ্গে যায়। দুর্ঘটনার পর ঢাকা অভিমুখী আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ডাউন লাইন দিয়েই দু’দিকের ট্রেন চালানো হচ্ছে। এতে ট্রেন চলাচলে বিলম্ব হবে।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারি স্টেশন মাস্টার শাকির জাহান ও স্থানীয় সূত্রে জানা গেছে, কন্টেইটার ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ঢোকার পথেই লাইনচ্যুত হয়। ট্রেনটি স্টেশন অতিক্রম করার পর থেমে যায়। দুর্ঘটনায় আপ লাইনের স্পিপার ভেঙ্গে যাওয়াসহ রেলপাতের অনেক ক্ষতি হয়েছে। উদ্ধারকারি ট্রেন আখাউড়া থেকে আসার জন্য খবর দেওয়া হয়েছে।স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন জানান, এটি দুর্ঘটনা না নাশকতা বলা যাচ্ছে না। সংশ্লিষ্টরা এ বিষয়ে তদন্ত করলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। আপাতত ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি।