আন্তর্জাতিক ডেস্ক : ক্রেমলিনের বিরুদ্ধে নাটকীয় বিদ্রোহ নিরসনের পর দক্ষিণ রাশিয়ার ভোরোনেজ অঞ্চল ছেড়ে গেছে ওয়াগনার বাহিনী জানিয়েছেন স্থানীয় গভর্নর।
রবিবার এক প্রতিবেদনে এ খবর জানায় আল জাজিরা।
এর মধ্যে দিয়ে রাশিয়ায় ওয়াগনার বাহিনীর চলাচল শেষ হল বলে জানান, ভোরোনেজ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার গুসেভ। কোনরকম ঘটনা ছাড়াই স্বাভাবিকভাবে তারা রাশিয়া ত্যাগ করেছে বলে জানান তিনি।
পরিস্থিতি চূড়ান্তভাবে সমাধান হয়ে গেলে বিদ্রোহের কারণে আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে বলেও জানান গুসেভ।
এদিকে ফেডারেল রোড এজেন্সির বরাত দিয়ে রুশ রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাস জানিয়েছে, রাশিয়ার হাইওয়েতে পূর্বে আরোপিত সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।
সশস্ত্র বিদ্রোহের পর রাশিয়ান ভাড়াটে সেনাদল ওয়াগনার বাহিনী মস্কোর অভিমুখে যাত্রা করায় বন্ধ করে দেয়া হয়েছিলো মস্কোর হাইওয়েসহ বিভিন্ন মূল সড়ক। কিন্তু বেলারুশের মধ্যস্ততায় বিদ্রোহ বন্ধ হলে তুলে নেয়া হয়েছে সব নিষেধাজ্ঞা।
এদিকে ভাড়াটে সেনাদল ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন এবং তার সেনারা রাশিয়ার রস্তোভ শহর ছেড়ে যাওয়ার পরে আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থার আরআইএ। রাশিয়ার দক্ষিণে সামরিক ঘাঁটির সদর দপ্তরের চারপাশের পরিস্থিতি শান্ত ছিল এবং রাস্তায় যান চলাচল আবার শুরু হয়েছে।
কিউএনবি/অনিমা/২৫ জুন ২০২৩,/বিকাল ৩:৫৬