ডেস্ক নিউজ : উচ্চ আদালতের আদেশে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলকে (বাংলাদেশ জাসদ) নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। দলটির প্রতীক মোটর গাড়ি (কার)।
সোমবার (১৯ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন সচিবালয়।
এ বিষয়ে বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেন, আদালতের আদেশে বাংলাদেশ জাসদ নামে আমাদের নিবন্ধন দেওয়া হয়েছে, দলের প্রতীক মোটর গাড়ি (কার)।
ইসির উপসচিব আব্দুল হালিম খান জানান, আদালতের নির্দেশনা অনুযাযী দলটির নিবন্ধন ও প্রতীক দেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।
২০১৬ সালে নেতৃত্বের দ্বন্দ্বে জাসদ দুই ভাগে ভাগ হয়ে যায়। কাউন্সিল অধিবেশনে হাসানুল হক ইনু বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পুনর্নির্বাচিত হন। কিন্তু সাধারণ সম্পাদক নির্বাচনকে ঘিরে দলে বিভক্তি সৃষ্টি হয়। কাউন্সিল অধিবেশনে ওই নির্বাচন চলার সময় জাসদের শীর্ষ পর্যায়ের কয়েক নেতা ও বেশ কিছু কর্মী দলের নতুন কমিটি ঘোষণা করেন। শরীফ নূরুল আম্বিয়াকে সভাপতি, নাজমুল হক প্রধানকে সাধারণ সম্পাদক ও মঈন উদ্দীন খান বাদলকে কার্যকরী সভাপতি হিসেবে ঘোষণা করা হয়।
কিউএনবি/অনিমা/১৯ জুন ২০২৩,/দুপুর ২:২৯