স্পোর্টস ডেস্ক : আত্মঘাতী গোল হজমে শুরুতেই পিছিয়ে পড়ল মাল্টা। খেই হারিয়ে করল অসহায় আত্মসমর্পণ। ইউরো বাছাইয়ে দলটিকে রীতিমতো উড়িয়ে দিল ইংল্যান্ড।
প্রতিপক্ষের মাঠে শুক্রবার রাতে অনুষ্ঠিত ম্যাচটি ৪-০ গোলে জিতেছে গ্যারেথ সাউথগেটের দল।
লিভারপুলের ফুল-ব্যাক ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল এদিন সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলতে নামেন। আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার ২০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তিনি। পরে পেনাল্টি থেকে গোল করেন হ্যারি কেইন ও ক্যালাম উইলসন।
৩ ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে ইংল্যান্ড। একই সময়ে হওয়া গ্রুপের আরেক ম্যাচে নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে প্রথমার্ধে দুই গোল হজমের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-২ ব্যবধানে জিতেছে ইউক্রেন।
দুই ম্যাচে সমান ৩ পয়েন্ট করে নিয়ে ইউক্রেন দুইয়ে, ইতালি তিনে ও নর্থ মেসিডোনিয়া চারে আছে। আর তিন ম্যাচেই হারা মাল্টা আছে তলানিতে।
কিউএনবি/অনিমা/১৭ জুন ২০২৩,/সকাল ১০:৪৫