স্পোর্টস ডেস্ক : ঝিমিয়ে পড়া মোহামেডান হঠাৎই সরগরম। অনেক দিন পর সুবাতাস বইতে শুরু করেছে সাদাকালো জার্সিদের ফুটবলে। ফেডারেশন কাপের ফাইনাল নিশ্চিত করেছে দলটা। তার চেয়েও বড় কথা হচ্ছে ম্যাচটা হবে আবাহনীর বিপক্ষে। আনন্দের সঙ্গে তাই ভয়ও পাচ্ছে মোহামেডান। মোহামেডানের পুরোনো অভিযোগ। ম্যাচে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করে আবাহনী। কখনো সেটা রেফারিংয়ের মাধ্যমে! কখনো আবার ডাগ আউটে প্রভাবশালী কাউকে দিয়ে। এসব বিষয় উল্লেখ করে বাফুফের কাছে স্মারকলিপি দিয়েছে সাদাকালো সমর্থকরা।
মোহামেডান সমর্থক দলের সাধারণ সম্পাদক এফ এম রফিক উদ্দিন বলেন, ‘যে ফাইনাল খেলাটি রয়েছে, সেখানে মোহামেডানের বিপক্ষে বাঁশি বাজানোর জন্য মোহামেডানের বিপক্ষ দল আবাহনীর কর্মকর্তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে বলে আমরা জানতে পেরেছি। এসব যেন না হয়, মাঠে যেন সুষ্ঠু রেফারিং হয় -সে জন্য আমরা বিদেশি রেফারি আনার দাবি জানিয়েছি। আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু কীভাবে একটা দলের সাইডলাইনে বসতে পারে? সেটা আমরা জানতে চাচ্ছি। সেই সঙ্গে তাকে ফাইনাল খেলায় মাঠে আসা থেকে বিরত রাখা হোক।’
নিরপেক্ষ রেফারিংয়ের দাবিতে এর আগেও ফুটবল ফেডারেশন প্রধানের দ্বারস্ত হয়েছিলেন মোহামেডান কর্মকর্তারা। কাজী সালাহউদ্দিন আশ্বস্ত করেছিলেন তখনো। এবারো করেছেন। কোন অভিযোগ এলে রেফারিজ কমিটি ভেঙে দেয়ার মত কথাও বলেছেন। তবে এই মুহূর্তে বিদেশি রেফারি আনা সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে বাফুফে। বাফুফে মিডিয়া কমিটির চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী বলেন, ‘আমি যতটুকু জানি, বিদেশি রেফারি আনার আমাদের কোনো ইচ্ছা নাই এবং আনতে গেলে ইসি কমিটিতে পাশ করতে হবে। রেফারি কমিটিতে যারা আছেন তারাই সিদ্ধান্ত নেবেন যে, আনবেন কি-না? তবে আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে যে, আনার কোনো দরকার নেই।
বাংলাদেশে রেফারিদের মান এখনও যথেষ্ঠ ভালো আছে। তবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও তাদের ফ্যানরা যেহেতু একটা পত্র দিয়েছেন, আমরা রেফারি কমিটির সঙ্গে কথা বলব। ওইদিন যেন খেলা সুন্দরভাবে, সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একজন ভালো রেফারি যেন দেওয়া হয়। আমাদের শেষ মিটিংয়ে এটি আলোচনা হয়েছে। তাতে এটিতে কারো অমত আছে বলে মনে হয়নি। আর সিদ্ধান্ত হয়েছে নির্বাহী কমিটির কেউ থাকলেও সাইডলাইনে বসতে পারবে না। এটা যদি পরিবর্তে করতে হয়, তবে নির্বাহী কমিটি সভা করে পরিবর্তন করতে পারে।’আগামী ৩০ মে কুমিল্লায় ফেডারেশন কাপের ফাইনালে ঢাকাই ফুটবলের সুপার ক্লাসিকো। এর আগে লিগ ম্যাচে মুখোমুখি হবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
কিউএনবি/আয়শা/২৫ মে ২০২৩,/সন্ধ্যা ৬:০৫