স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচ হাতে থাকতেই প্রিমিয়ার লিগের সেরা গোলরক্ষকের পুরস্কার ‘গোল্ডেন গ্লাভস’ জিতলেন ম্যানচেস্টার ইউনাইটেডের দাভিদ দে হেয়া।
স্প্যানিশ তারকা ১৬ ম্যাচে জাল অক্ষত রেখেছেন। ১৪ ম্যাচে ‘ক্লিন শিট’ নিয়ে দ্বিতীয় স্থানে আছেন লিভারপুলের গোলরক্ষক আলিসন বেকার।
শনিবার বোর্নমাউথকে ১-০ গোলে হারায় ইউনাইটেড। আর লিভারপুল ১-১ ড্র করে অ্যাস্টন ভিলার বিপক্ষে। আসরে লিভারপুলের ম্যাচ বাকি আছে আর একটি। অর্থাৎ আলিসনের পক্ষে আর দে হেয়াকে ধরা সম্ভব নয়।
নিউক্যাসল ইউনাইটেডের নিক পোপ ও আর্সেনালের অ্যারন র্যামসডেল ১৩টি করে ম্যাচে জাল অক্ষত রেখেছেন।
দে হেয়া ২০১৭-১৮ মৌসুমে প্রথমবার ইপিএলে সেরা গোলরক্ষকের পুরস্কার পান। এবার নিয়ে দ্বিতীয়বারের মতো এই খেতাব জিতলেন তিনি।
ইউনাইটেড সেরা চারে থেকে লিগ শেষ করার চেষ্টায় আছে। ৩৬ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে তারা। বাকি দুই ম্যাচ থেকে ১ পয়েন্ট পেলেই সেরা চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত হবে তাদের।
কিউএনবি/অনিমা/২১ মে ২০২৩,/দুপুর ১:২২