আন্তর্জাতিক ডেস্ক : চিকিৎসকরা মস্তিষ্কের অস্ত্রোপচার করে একটি অনাগত শিশুকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন। যুক্তরাষ্ট্রের বোস্টন চিলড্রেনস হসপিটাল এবং ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের ১০ সদস্যের একটি চিকিৎসক দল এ জটিল অপারেশন পরিচালনা করেন। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের জার্নাল স্ট্রোকে বুধবার প্রকাশিত একটি কেস স্টাডিতে অস্ত্রোপচারটি নথিভুক্ত করা হয়। খবর ডেইলি মেইলের।
চিকিৎসকরা জানান, গর্ভে থাকা শিশুর মস্তিষ্কে রক্তনালিতে অস্বাভাবিকতা ছিল। গর্ভে শিশুটি ৩০ সপ্তাহ বয়সে এ রোগে আক্রান্ত হয়। মস্তিষ্কে রক্তনালিতে অস্বাভাবিকতা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ‘ভেনাস অব গ্যালেন ম্যালফরমেশন’ নামে পরিচিত। গর্ভাবস্থায় শিশুটির বয়স যখন ৩৪ সপ্তাহ তখন ডাক্তাররা এটি শনাক্ত করেছেন। এ রোগে আক্রান্ত শিশুরা ১১ বছর বয়স হওয়ার আগেই ৩০ শতাংশ মারা যাওয়ার শঙ্কার মধ্যে থাকে। এ ধরনের রোগ সচরাচর দেখা যায় না। প্রতি ৬০ হাজার শিশুর মধ্যে একজন এ রোগে আক্রান্ত হয়। তাই জন্মের আগেই শিশুটির মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।
বোস্টন চিলড্রেনস হসপিটালের রেডিওলজিস্ট ড্যারেন অরবাচ বলেন, শিশুটি মস্তিষ্কে গুরুতর আঘাত নিয়ে জন্ম নেওয়ার ঝুঁকি ছিল। জন্মের পরপরই জটিল হৃদরোগে আক্রান্ত হতে পারত। তাই মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে।
কিউএনবি/অনিমা/০৫ মে ২০২৩,/বিকাল ৫:৩১