বিনোদন ডেস্ক : ছবি ঘোষণার পর থেকেই সত্যবতী কে হবেন তা নিয়ে খোঁজ চলছিলই। প্রথমে শোনা গিয়েছিল বলিউড অভিনেত্রী মৌনি রায় হবেন সত্যবতী। তারপর জানা গিয়েছিল পূজা বন্দোপাধ্যায়ের কাছে সত্যবতী হওয়ার অফার গেছে। রুক্মিনীর নামও এসেছিল যদিও। শেষমেষ ছবির মহরতে সত্যবতীকে সামনে আনলেন টলিউড সুপারস্টার দেব।
ব্যোমকেশ বক্সী, বাঙালির প্রিয় চরিত্র। এ চরিত্রে অনেক অভিনেতাকেই দেখেছে দর্শক। পরমব্রত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, গৌরব চক্রবর্তী এবং হিন্দিতে সুশান্ত সিং রাজপুতের পর এবার পর্দার ব্যোমকেশের ভূমিকায় আত্মপ্রকাশ করছেন দীপক অধিকারী। নব বর্ষের দিন সামনে এসেছে ছবির ফার্স্ট লুক।
বৃহস্পতিবার ছবির মহরতের বেশকিছু ছবি নিজের সোশ্যাল ওয়ালে শেয়ার করেছেন দেব। রুক্মিনীও ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ব্যোমকেশের অংশ হতে পেরে আনন্দিত তিনি। এদিকে ছবির প্রথম ঝলকে দেবকে দেখা গেছে ডান হাতে বিষাক্ত সাপ জড়িয়ে, যার মাথা চেপে ধরে রয়েছেন দেব। অন্য হাতে জ্বলন্ত টর্চ। চোখে দৃড় চাহনি। রহস্য উদঘাটনের জন্য ব্যোমকেশ রূপে দেব যে পুরোদমে প্রস্তুত তা বেশ স্পষ্ট।
১৭ বছরের অভিনয় জীবনে ব্যোমকেশ করার কথা জানিয়ে নিজেই চমক দিয়েছিলেন সুপারস্টার। এবং এই চরিত্র যে দেবের জন্য অগ্নিপরীক্ষা সেকথাও জানিয়েছিলেন দেব।
সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করা মাত্রই যেমন শুভ কামনা পেয়েছেন, তেমনই নিন্দুকদের মজার পাত্রও হয়েছেন। ট্রোলিং কে কোনোদিনই যেহেতু পাত্তা দেন নি, তাই এক্ষেত্রেও তেমন কোনো প্রতিক্রিয়া আসেনি দেবের কাছ থেকে। এমনকি ছবির প্রথম ঝলক সামনে আসার পর দেবের হাতে সাপ দেখে ট্রোলিং এর বন্যা বয়ে গিয়েছে।
এবার আসা যাক ছবি পরিচালনার দায়িত্ব কোন পরিচালকের কাছে যায়, সেই বিষয় নিয়ে। শরদিন্দু বন্দোপাধ্যায়ের ‘দূর্গরহস্য’ কে বড় পর্দায় আনার ইচ্ছে অনেক পরিচালকেরই আছে। দেব এই খবর জানানো মাত্রই ছবির পরিচালক হিসেবে প্রথমে কানাঘুঁষো শোনা গিয়েছিল অঞ্জন দত্ত এবং সৃজিত মুখোপাধ্যায়ের নাম। যদিও দুজনেই একথা নস্যাৎ করে দেন। সৃজিত মুখোপাধ্যায়তো একটি সংবাদ মাধ্যমের খবর শেয়ার করে জানান, সম্পূর্ণ ভূল খবর প্রকাশ করা হয়েছে। দেবকে নিয়ে ব্যোমকেশ করার কোনো পরিকল্পনা সৃজিতের নেই।
ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ছবির প্রযোজক শ্যামসুন্দর দে-র সংস্থার সঙ্গে ‘দূর্গ রহস্য’ করার কথা ছিল সৃজিত মুখোপাধ্যায়ের। কিন্তু তা হচ্ছে না। এর কারণ হিসেবে অনেকেই বলছেন, দেব-সৃজিতের পারস্পরিক বনিবনার অভাবেই এটা হচ্ছে না। অবশেষে দেব ফের একটি পোস্ট দিয়ে জানান, এ ছবি পরিচালনা করছেন বিরসা দাশগুপ্ত। এমনকি বিরসা নিজেও একটি পোস্ট করে জানান এ খবর। আর এর কারণ হিসেবে দেবের কথা, এমন কোনো পরিচালক নিয়ে এ ছবি করতে চাইছিলেন, যিনি ব্যোমকেশ প্রথমবার পরিচালনা করছেন। ফলে নতুন এক আঙ্গিকে, নতুন ভাবে পরিচালকের চোখ দিয়ে ব্যোমকেশ রূপে দেন আসছেন পর্দায়। যার জন্য অধির আগ্রহে অপেক্ষা করে রয়েছেন দেবের অনুরাগীরা।
তবে বাঙালি দর্শকের ইমোশনে ব্যোমকেশ হয়ে দেব কতোটা দাগ কাটতে পারেন, তার জন্য মুখিয়ে রয়েছে দর্শক। নিন্দুকদের মুখ বন্ধ হবে নাকি ট্রোলিং আরোও বাড়বে, তার জন্য অপেক্ষা যে করতেই হবে।
কিউএনবি/অনিমা/০৪ মে ২০২৩,/বিকাল ৪:৫০