আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ড্রোন হামলা চালানোর ঘটনায় এবার যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে রাশিয়া। প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সম্প্রতি এ অভিযোগ করেন। বৃহস্পতিবার (০৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, বুধবার রাতে হামলার পর প্রথমে ইউক্রেনকে অভিযুক্ত করা হয়। তবে কিয়েভ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। দিমিত্রি পেসকভ বলেন, ‘কিয়েভ এবং ওয়াশিংটনের ‘অস্বীকার করার প্রচেষ্টা’ একেবারে হাস্যকর। আমরা ভালো করেই জানি এ ধরনের কর্মকাণ্ড সম্পর্কে। এসব সন্ত্রাসী হামলার বিষয়ে সিদ্ধান্তগুলো কিয়েভে নয়, ওয়াশিংটনে নেওয়া হয়’।
তিনি বলেন, ‘হামলার পেছনে নিঃসন্দেহে মার্কিন যুক্তরাষ্ট্র ছিল। ওয়াশিংটন প্রায়শই ইউক্রেনের আক্রমণের লক্ষ্য এবং তাদের আক্রমণ করার উপায় বেছে দেয়’। এর আগে ক্রেমলিনের গণমাধ্যম বিভাগ জানায়, পুতিনের বাসভবন লক্ষ্য করে মনুষ্যবিহীন দুটি ড্রোন ছোড়া হয়েছিল। তবে রুশ সামরিক বাহিনী ও স্পেশাল সার্ভিস রাডার ওয়ারফেয়ার সিস্টেম ব্যবহার করে সেগুলো নিষ্ক্রিয় করেছে। বার্তা সংস্থা আরআইএ জানায়, হামলার সময় পুতিন ক্রেমলিনে ছিলেন না। তিনি মস্কোর বাইরে নভো-ওগোরিওভো বাসভবনে ছিলেন বলে জানা গেছে।
কিউএনবি/আয়শা/০৪ মে ২০২৩,/বিকাল ৫:৪৪