স্পোর্টস ডস্ক : পুরো সিরিজেই ব্যাট ও বল হাতে দাপট দেখিয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ডকে হতাশায় ডুবিয়ে একের পর এক রেকর্ড গড়ে নিয়েছে সাকিব আল হাসানের দল। ব্যক্তিগত রেকর্ডও হয়েছে কম না। এককথায় আইরিশ সিরিজে চাওয়ার থেকেও বেশিই পেয়েছে টাইগাররা।
সিরিজের প্রথম দুই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। তবে শেষ ম্যাচে আসতে পারে বেশকিছু পরিবর্তন। এই ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হতে পারে লেগস্পিনার রিশাদ হোসেন এবং উইকেটকিপার ব্যাটার জাকের আলি অনিকের।
গত বিপিএলে ব্যাট হাতে দুর্দান্ত কিছু ক্যামিও ইনিংস খেলেছেন জাকের আলী। সেই সূত্র ধরেই এবার সুযোগ পেয়েছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। তবে প্রথম দুই ম্যাচে দলে জায়গা হয়নি তার। শেষ ম্যাচে লিটন দাসকে বিশ্রাম দেয়া হলে দলে সুযোগ পেলেও পেতে পারেন জাকের।
রিশাদের ক্ষেত্রেও ব্যাপারটা একই। নাসুম আহমেদ কিংবা মেহেদী হাসান মিরাজ যেকোনো একজনকে বাদ দিলে একাদশে জায়গা পেতে পারেন তিনি। দলে ফেরার কিছুটা সম্ভাবনা আছে শরিফুল ইসলামের। আন্তর্জাতিক সূচির ব্যস্ততা এবং আইপিএলের কারণে বিশ্রাম দেয়া হতে পারে মুস্তাফিজকে। তার বদলেই দলে ফিরতে পারেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এ পেসার।
তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: রনি তালুকদার, লিটন দাস/জাকের আলী অনিক, সাকিব আল হাসান, রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তৌহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম ও শামীম হোসেন।
কিউএনবি/আয়শা/৩১ মার্চ ২০২৩,/দুপুর ১:৩৩