আন্তর্জাতিক ডেস্ক : বেলারুশে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো।
পুতিনের এই সিদ্ধান্তকে ‘বিপজ্জনক’ ও ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে মন্তব্য করেছে ন্যাটো। এক বিবৃতিতে এ নিন্দা জানায় পশ্চিমা সামরিক জোটটি।
সংস্থাটির মুখপাত্র ওনা লুঙ্গেস্কু পুতিনের এই সিদ্ধান্তের সমালোচনা করে মস্কোর ঘোষণাকে বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন বলেন।
তিনি জানান, পরিস্থিতিকে ‘গভীরভাবে পর্যবেক্ষণ’ করছে ন্যাটো। তবে রাশিয়ার পারমাণবিক অবস্থানে পরিবর্তন আসার কোনো লক্ষণ নেই। ন্যাটোও তার পারমাণবিক কৌশলে এখনই পরিবর্তন আনার প্রয়োজন মনে করছে না।
এদিকে রুশ প্রেসিডেন্টের এ ঘোষণা পরপরই ইউক্রেনের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়। এ অবস্থায় রাশিয়ার ‘পারমাণবিক ব্ল্যাকমেইল’ মোকাবিলায় করণীয় নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে কিয়েভ।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার (২৬ মার্চ) জানায়, যুক্তরাজ্য, চীন, যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের কাছ থেকে দায়িত্বশীল ভূমিকা আশা করে ইউক্রেন।
কিউএনবি/অনিমা/২৭ মার্চ ২০২৩,/বিকাল ৩:১৪