ডেস্ক নিউজ : শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সময় নিউজের সঙ্গে আলাপকালে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, এ ধরনের বৃষ্টিপাত খুব বেশি অস্বাভাবিক নয়; বরং দেশের জলবায়ুগত বৈশিষ্ট্যেরই অংশ। তবে এটা ঠিক যে, বৃষ্টিপাতের বৈশিষ্ট্যের কিছুটা পরিবর্তন হয়েছে।
তিনি বলেন, দেশে সাধারণত ডিসেম্বর বা জানুয়ারি মাসে দেশে শীতকালীন বৃষ্টিপাত হয়। তবে এর কোনো ধারাবাহিকতা নেই। এটা কোনো বছর হয়, কোনো বছর হয় না। আবার এই বৃষ্টি কোনো কোনো জেলায় হয়, কোনো জেলায় হয় না। ফেব্রুয়ারি মাসের বৃষ্টিটাও তেমন। আবার প্রতিবছরই যে ফেব্রুয়ারিতে বৃষ্টিপাত হয় সেটিও নির্দিষ্ট নয়।
দীর্ঘমেয়াদী তথ্য উল্লেখ করে তিনি বলেন, ‘শীতকালীন বৃষ্টিপাত হওয়ার সঙ্গে সময় ও স্থানের পার্থক্য আছে। আমরা যদি ১৯৫০ থেকে বর্তমান পর্যন্ত জলবায়ুর তথ্যের দিকে তাকাই, তবে প্রতিবছরই যে ফেব্রুয়ারি মাসে বৃষ্টিপাত হয়েছে ব্যাপারটা তেমন নয়। কোনো বছর হয়েছে কোনো বছর হয়নি। আবার অন্যভাবে বলা যায়, গত ৭৫ বছরে ফেব্রুয়ারি মাসে দেশে গড় বৃষ্টিপাতের পরিমাণ ২৫ মিলিমিটার। শুধু সিলেটে এই গড় ৩৬ মিলিমিটার।’
কিউএনবি/আয়শা/২৪ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:০০