স্পোর্টস ডেস্ক : শুরু হয়ে গেল বর্ডার-গাভাস্কার ট্রফি। চার ম্যাচ সিরিজের প্রথম টেস্ট আজ নাগপুরে শুরু হয়েছে। টসে জিতে ব্যাটিং করতে নেমে ভারতের স্পিন বিষে নীল হয়ে গেছে অজিরা। ৬৩ দশমিক ৫ ওভারে মাত্র ১৭৭ রানে গুটিয়ে গেছে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস।
মাত্র ২ রানেই ২ উইকেট হারিয়েছিল প্যাট কামিন্সের দল। সাজঘরে ফিরেন ডেভিড ওয়ার্নার (১) ও উসমান খাজা (১)। তৃতীয় উইকেটে ৮২ রানের জুটি গড়েন মার্নাস লাবুশান ও স্টিভ স্মিথ। এই জুটি ভেঙে দেন রবিন্দ্র জাদেজা। ১ রানের জন্য অর্ধশত বঞ্চিত হন লাবুশানে। পরের বলেই জাদেজা ফেরান ম্যাট রেনশ’কে (০)।
বেশি দূর যেতে পারেননি স্মিথও, ৩৭ রান করে তিনিও জাদেজার শিকারে পরিণত হন। এরপর অ্যালেক্স ক্যারির ৩৬ ও পিটার হ্যান্ডসকম্বের ৩১ রানের কল্যাণে ১৭৭ রানের স্কোর পায় অজিরা। রবিন্দ্র জাদেজা ৪৭ রানে ৫ উইকেট নেন। আরেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের শিকার ৩ উইকেট।
কিউএনবি/আয়শা/০৯ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:০০