ডেস্ক নিউজ : নয়াপল্টনে বিএনপির ক্ষতিগ্রস্ত কার্যালয় পরিদর্শন করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল অলি আহমেদ। বিএনপি থেকে বের হওয়ার দীর্ঘ ১৬ বছর পর পুলিশি অভিযানে ক্ষতিগ্রস্ত কার্যালয়টি দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তিনি বিএনপির কাছে সরকারবিরোধী শক্ত কর্মসূচি চেয়েছেন।
আজ মঙ্গলবার দেখানে গিয়ে বিএনপিকে কঠোর কর্মসূচি দেওয়ার পরামর্শ দিয়ে এলডিপি নেতা বলেন, বিএনপিকে আরো শক্তিশালী হয়ে কর্মসূচি দিতে হবে। সরকারের পতন সময়ের ব্যাপার। সরকারের সেফ এক্সিটের সময় শেষ, জনগণ বিচার করবে। সরকার ষড়যন্ত্র করছে বলেও সতর্ক করে তিনি বলেন, তাদের পাতানো ফাঁদে পা দেওয়া হবে না। আমাদের কাজ শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারকে বিদায় করা। তাই করা হবে।
তিনি আরো বলেন, সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না, অন্য রাজনৈতিক দলের সহাবস্থান মানে না, তা নয়াপল্টনে দলীয় কার্যালয়ে হামলা চালানোর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে। বিশ্বের কাছে সরকারের মুখোশ উন্মোচিত হয়েছে। দলীয় কার্যালয়ে হামলা, লুটপাটের বর্বরতা সবাই প্রত্যক্ষ করেছে।
বিএনপির হাত ধরেই কর্নেল অলির রাজনৈতিক জীবন শুরু হয়। তিনি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ছিলেন। ১৯৯১ সালে দল ক্ষমতায় এলে তিনি মন্ত্রিত্ব পেয়ে যান। পরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতি, জামায়াত তোষণ, জঙ্গিবাদে মদত ইত্যাদি অভিযোগ এনে ২০০৬ সালে পদত্যাগ। গড়ে তোলেন নিজের দল এলডিপি।
কিউএনবি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪০