ডেস্ক নিউজ : জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ১৭ জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৪ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার চার আসামিকে হাজির করার পর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ।
এর আগে, ২২ জুলাই এ মামলায় চার আসামিকে হাজির করার নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল।
আসামিরা হলেন-ঢাকা-৫ আসনের সাবেক আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মুন্না এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম খান।
মামলার তথ্যমতে, ২০২৪ সালের ১৮ জুলাই যাত্রাবাড়ী এলাকায় আটজন এবং ২০ জুলাই আরও নয়জন নিহত হন।
কিউএনবি/অনিমা/০৩ অগাস্ট ২০২৬,/বিকাল ৪:৩৪