ডেস্ক নিউজ : সারাদেশে আজ শুক্রবার রাতে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সারাদেশে আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আজ সারাদেশে রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে। এ জন্য উত্তরাঞ্চলে হিমেল হাওয়া বইছে। এটা শীতের আগাম বার্তা বলেও জানিয়েছেন তিনি। এ বছর আগেই শীত আসতে পারে বলেও জানানো হয়।
তিনি জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে প্রচুর বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হয়। সে কারণে তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে।
তিনি আরো জানান, দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেতুলিয়ায় ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সেখানে শীত পড়েছে। ভোর রাতে কুয়াশাও পড়ছে। তবে মধ্যাঞ্চল ও অন্যান্য অঞ্চলে শীত আসতে কিছুটা সময় লাগবে। দক্ষিনাঞ্চলে শীত পড়বে আরো পরে। সারাদেশে আজ রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ১, রাজশাহীতে ১৯ দশমিক ৫, রংপুরে ২০ দশমিক ৮, ময়মনসিংহে ২০ দশমিক ৫, সিলেটে ২১ দশমিক ৭, চট্টগ্রামে ২৪ দশমিক ৪, খুলনায় ২০ দশমিক ২ এবং বরিশালে ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা সীতাকুন্ডে ৩৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।
পূর্বাভাসে আরো বলা হয়, লঘুচাপের বাড়তি অংশ উত্তরপূর্ব বাঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ঢাকায় আজ উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১৮ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় ভোর ৬ টা ৭ মিনিটে।
কিউএনবি/আয়শা/০৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৫