আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে বিপর্যয়ে অন্তত ১৩১ জন নিহতের ঘটনায় পুলিশ কর্মকর্তা, আয়োজকসহ ছয়জনের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ উঠেছে। ইন্দোনেশিয়ার পুলিশ প্রধানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি। বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, তাদের বিরুদ্ধে অপরাধমূলক অবহেলার কারণে এতগুলো মানুষের মৃত্যু ঘটানোর অভিযোগ তোলা হচ্ছে। এতে করে বিচারে সর্বোচ্চ পাঁচ বছর করে সাজা হতে পারে।
খেলার শেষ বাঁশি বাজার পরপরই মাঠে ঢুকে পড়া উত্তেজিত দর্শকদের লক্ষ্য করে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে গত সপ্তাহে বিপর্যয়টি ঘটেছিল। শত শত মানুষ কাঁদানে গ্যাস থেকে রক্ষা পেতে মাঠ ছাড়ার চেষ্টা করছিল। ওই সময় পদদলিত হয়ে ১৩১ জনের প্রাণহানি ঘটে। এ ঘটনায় ব্যাপক হারে জনরোষ ছড়িয়ে পড়ে। বেশির ভাগ মানুষের অভিযোগ, পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করার কারণে পদদলিত হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার জেরে মালাংয়ের স্থানীয় পুলিশ প্রধানকে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া আরো ৯ জন কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়েছে।
যে তিন পুলিশ সদস্য কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে, তাদের অভিযুক্ত করা হয়েছে। আরেমা এফসির আয়োজক কমিটির প্রধান, ক্লাবটির নিরাপত্তা কর্মকর্তাসহ মোট ছয়জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
সূত্র : বিবিসি।
কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৫