ডেস্ক নিউজ : নির্বাচন কমিশন কাউকে ধরেবেঁধে নির্বাচনে আনবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
সোমবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
হাবিবুল আউয়াল বলেন, “আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সক্রিয় অংশগ্রহণ চায় কমিশন। বিএনপি এলে নির্বাচন আরও অংশগ্রহণমূলক হবে।”
নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে সিইসি বলেন, “ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) কোনভাবেই হ্যাক করা সম্ভব নয়।”
তিনি বলেন, “নির্বাচনে কাউকে জোর করে আনা সম্ভব নয়।” কোনো দলের রাজনৈতিক কৌশল পরিবর্তন করার এখতিয়ার কমিশনের নেই বলেও জানান তিনি।
প্রধান নির্বাচন কমিশনার জানান, ১৫০ আসনে ইভিএম ব্যবহার যৌক্তিক মূল্যায়ন করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইভিএম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, “ইভিএমে কারচুপির সুযোগ নেই। ভোট ডাকাতি রোধে সিসি ক্যামেরা ও পুলিশ মোতায়েন করা হবে।”
এদিকে জেপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম বলেন, “অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য রাজনৈতিক দলের ভূমিকা রয়েছে।”
কোনো কারণে ইভিএম প্রকল্প বাস্তবায়ন করা না গেলে ব্যালটে ভোট হবে বলেও জানান তিনি
কিউএনবি/অনিমা/০৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:০২