রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

দেশকে শক্তিশালী ভিত্তি দিতে জাতির পিতা সব কিছু করেছেন : পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৯২ Time View

ডেস্ক নিউজ : পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধু স্বদেশে ফেরার পর দেশকে শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে যা যা প্রয়োজন তা করে গেছেন। গতকাল শুক্রবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সংগ্রামীর গল্প’ শীর্ষক বইয়ের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জাতির পিতা হিসেবে যা যা করার তিনি তার সব কিছুই করে গেছেন। বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছরে ১২৬টি দেশের স্বীকৃতি আদায় করেছিলেন।

মাত্র আড়াই মাসের মাথায় বন্ধুপ্রতিম দেশের সৈন্যদের ফেরত পাঠিয়েছেন। অল্প সময়ের মধ্যেই জাতিসংঘসহ বিশ্বের গুরুত্বপূর্ণ সকল সংস্থার সদস্য পদ অর্জন করতে সক্ষম হয়েছেন। দেশকে শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে মাত্র ৯ মাসের মাথায় একটি অপূর্ব শাসনতন্ত্র (সংবিধান) তৈরি করে দিয়েছেন। সিলেট সিটি করপোরেশন, চন্দ্রাবতী একাডেমির সহযোগিতায়, ‘বঙ্গবন্ধুকে জানো, বঙ্গবন্ধুকে পড়’ প্রতিপাদ্যে আগস্ট মাসজুড়ে শিক্ষার্থীদের জন্য এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করে।

অনুষ্ঠানে ড. মোমেন বলেন, “বঙ্গবন্ধু দেশের শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয়―সব ক্ষেত্রে কাজ করে গেছেন। কৃষিক্ষেত্রে যেসব পলিসি, স্ট্র্যাটেজি বঙ্গবন্ধু রেখে গিয়েছিলেন সেগুলো এখনো আমাদের চলার পথে পাথেয়। বঙ্গবন্ধু পররাষ্ট্রবিষয়ক অপূর্ব একটি নীতি দেশকে দিয়ে গেছেন, আমরা এখনো সেটা অনুসরণ করি। সেটা হলো―‘সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। ’ বঙ্গবন্ধুর এসব অর্জনের কথা শিক্ষার্থীদের জানাতে হবে। ”পররাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থীদের জন্য বই পড়া ও কুইজ প্রতিযোগিতা আয়োজনের জন্য সিলেট সিটি করপোরেশনকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সংগ্রামীর গল্প’ বইয়ের লেখক, বিশিষ্ট সমাজ উন্নয়ন কর্মী ও মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিনা মোমেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের সচিব ফাহিমা ইয়াসমিন। বিশেষ অতিথির বক্তব্যে সেলিনা মোমেন তাঁর ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সংগ্রামীর গল্প’ শীর্ষক বইটি লেখার প্রেক্ষাপট সম্পর্কে বলেন, ‘বঙ্গবন্ধু সম্পর্কে সহজ ভাষায় শিক্ষার্থীদের জানানোর তাগিদ থেকে এই বইটি লিখেছি। শিক্ষার্থীরা যদি জানতে পারে যে বঙ্গবন্ধু কী ধরনের মানুষ ছিলেন, ছোটবেলায় তিনি কী করতেন, কিভাবে অন্যের সাহায্যে এগিয়ে আসতেন―এগুলো যদি সহজ ভাষায় শিক্ষার্থীদের জানানো যায় তাহলে তারাও দেশের উপযুক্ত নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে অনুপ্রাণিত হবে। ’

তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বঙ্গবন্ধু যেভাবে দেশকে, দেশের মানুষকে ভালোবাসতেন, তোমরাও সেভাবে দেশকে, দেশের মানুষকে ভালোবাসতে শেখো। ’ তিনি শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতার মাধ্যমে বঙ্গবন্ধুকে জানার সুযোগ প্রদানের জন্য সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জানান। সিলেট সিটি করপোরেশনের প্রধান পরামর্শক প্রফেসর মুহ. হায়াতুল ইসলাম আকঞ্জির সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য প্রদান করেন প্রফেসর ড. কবির এইচ চৌধুরী। সিলেট সিটি করপোরেশন এলাকার ১৫টি বিদ্যালয়ের অষ্টম, নবম ও দশম শ্রেণির মোট ৯৭৫ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আগস্ট মাসজুড়ে শিক্ষার্থীরা এই বই পড়ার কর্মসূচিতে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতার আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরে একটি অডিও ভিজ্যুয়াল প্রদর্শন করা হয়। কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit