
স্পোর্টস ডেসক্ : ২০১৪ সালের বিশ্বকাপে ঘরের মাঠে জার্মানির কাছে ৭-১ গোলের লজ্জাজনক হারের শিকার হয়েছিল ব্রাজিল। সেই হার নিশ্চয়ই এখনো ভুলতে পারেননি ব্রাজিলের সমর্থকরা। এ বছরের শেষদিকে কাতারে বসবে বিশ্বকাপ ফুটবলের এবারের আসর। এই টুর্নামেন্টের ফাইনালে আর্জেন্টিনার চেয়ে বেশি করে জার্মানিকে চান ব্রাজিলের তারকা স্ট্রাইকার রিচার্লিসন।
সম্প্রতি টিএনটি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে রিচার্লিসন বলেন, ‘আমি বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার চেয়ে বেশি করে জার্মানিকে চাই। আমরা এটাও জানি আর্জেন্টিনার ফুটবল কেমন, তারা প্রতারণা করে। যখন তারা ম্যাচে এগিয়ে থাকে, তখন তারা কেমন কাজ করে, আমরা জানি। বিশ্বকাপ ফাইনালে আমার পছন্দ জার্মানি। কে জানে, আমরা তাদের হারিয়ে দেবো। ’
গত বছর অলিম্পিকে ছেলেদের ফুটবলের সোনা জিতেছিল ব্রাজিল। এই টুর্নামেন্টে জার্মানির বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন রিচার্লিসন। সেই ম্যাচটি সম্পর্কে তিনি বলেন, ‘জার্ডিন (ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দলের কোচ) আমাকে জার্মানির বিপক্ষে ম্যাচ থেকে বাদ দিয়েছিল। আমি তাকে বললাম, তুমি আমাকে কেন বাদ দিচ্ছো? আমি ওই ৭-১ গোলের শোধ নিতে চাই। ’
কিউএনবি/আয়শা/২১শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৯