জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির গুইমারায় ১০ বছর বয়সী শিশু আবু ইউসুফ রানা হত্যা মামলার দীর্ঘ ১০ বছর পর রায় ঘোষণা করেছেন আদালত। মামলার প্রধান আসামি হযরত আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলার অপর আসামি মো. রমজান আলীকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শায়লা শারমিন এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সৃজনি ত্রিপুরা জানান, ২০১৬ সালের ৯ মে বিকেল সাড়ে ৫টার দিকে খাগড়াছড়ির গুইমারা উপজেলার পশ্চিম বড়পিলাক গ্রামের আরার মারমা টিলা এলাকায় শিশু আবু ইউসুফ রানা খেলাধুলা করছিল।
এ সময় একই এলাকার হাফিজুল ইসলাম হৃদয়ের ডান হাতে আঘাত লাগার ঘটনাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে কয়েকজন মিলে শিশু রানাকে ধরে দক্ষিণ দিকের একটি পাহাড়ি জঙ্গলে নিয়ে যায়। পরদিন সকালে স্থানীয়রা ওই এলাকার জঙ্গল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন।
এ ঘটনায় নিহত শিশুর বাবা মো. সাজ্জাদ রহমান বাদী হয়ে গুইমারা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় হযরত আলী ও মো. রমজান আলীসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার আদালত এ রায় ঘোষণা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ ও নিহত শিশুর পরিবার। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত হযরত আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৪০