স্টাফ রিপোর্টার : জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ৫৯০ জনের স্মৃতিস্মারক নিয়ে দেশের সবচেয়ে বড় আয়োজন করবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। আগামী ২৮-২৯ নভেম্বর জুলাই জাদুঘর প্রাঙ্গণে ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬’ শীর্ষক আয়োজনটি অনুষ্ঠিত হবে। আজ বুধবার (২৫ নভেম্বর) বিকেলে জুলাই জাদুঘরের মনসুন থিয়েটারে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে মহাপরিচালক এহ্সান মাহমুদ আয়োজনটির ঘোষণা দেন।
এহ্সান মাহমুদ বলেন, ‘জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগকে জাগরূক রাখতে আমরা শহীদদের স্মৃতিস্মারক নিয়ে দেশের সবচেয়ে বড় আয়োজনটি করতে যাচ্ছি। আগামী ২৮-২৯ তারিখে আমাদের সংগ্রহে থাকা ৫৯০ জন শহীদের স্মৃতিস্মারক আমরা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেব।’তিনি আরও বলেন, ‘জায়গা সংকুলান না হওয়ায় চাইলেও আমরা আমাদের জাদুঘরের গ্যালারিতে সকল স্মৃতিস্মারক প্রদর্শন করতে পারছিলাম না।
এই আয়োজনের মাধ্যমে আমরা সকল স্মৃতিস্মারক সামনে আনব। পলাতক স্বৈরাচার শেখ হাসিনা যাঁদের হত্যা করেছিল, যাঁদের আত্মত্যাগের বিনিময়েই আমরা নতুন গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখতে পারছি, তাঁদের স্মৃতিকে সবার সামনে আবার তুলে ধরব।’ উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। এ ছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত হত্যাকাণ্ডের দলিল হিসেবেও আয়োজনটির ভিন্ন তাৎপর্য আছে বলে তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জুলাই জাদুঘরের জনসংযোগ কর্মকর্তা জুবায়ের ইবনে কামাল এবং নিদর্শন সংগ্রহ, রেজিস্ট্রেশন ও সংরক্ষণ বিভাগের হাসান ইনাম ও আবু বকর সাঈম। আগামী ২৮-২৯ নভেম্বর বেলা সাড়ে ১১টা থেকে বেলা সাড়ে ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে।
কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৩৩