ডেস্ক নিউজ : সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বাড়তে পারে শীতের অনুভূতি।
আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে বিরাজ করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ। এর প্রভাবে মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশের ছয় বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। ফলে শীতের অনুভূতি বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
এ সময় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তী পাঁচ দিনেও আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের আভাস নেই।
কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২৬,/বিকাল ৩:৩৪