রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ইসরাইলের নতুন সরকার গঠনের আলোচনায় নেতানিয়াহুকে ডাকলেন আইজেনকোট উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের প্রতি ১৫ মিনিটে করছেন গোল, এমবাপ্পেদের ছাপিয়ে রিয়ালের নতুন নায়ক এসপি সমালোচনা দূরে ঠেলে বিজয়ের প্রশংসায় বিভোর রাশমিকা চার বছরে ২৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্য সরকারের গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন শত্রুর জন্য নতুন চমক অপেক্ষা করছে: ইরান ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ, ৪ জনকে আটক কারো সাথে বিচ্ছিন্ন হওয়ার প্রশ্নই উঠেনা: মজুরি বোর্ড চেয়ারম্যান

প্রতি ১৫ মিনিটে করছেন গোল, এমবাপ্পেদের ছাপিয়ে রিয়ালের নতুন নায়ক এসপি

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

স্পোর্টস ডেস্ক : কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহাম… রিয়াল মাদ্রিদের লাইনআপে তারকার অভাব কোনোকালেই ছিল না, এখনও নেই। ‘গ্যালাকটিকো’রা অতীতেও রিয়ালকে জিতিয়েছেন বহু কিছু, তরিয়ে দিয়েছেন বহু বিপদের রাতে। 

তবে ২০২৬-২৭ মৌসুমে এসে রিয়াল যেন একটু আলাদা কিছু দেখছে। এমবাপ্পে, ভিনি বা বেলিংহাম নয়, তাদের ছাপিয়ে নজর কাড়ছেন, দলকে বাঁচানোর দায়িত্বটা একপ্রকার নিজের কাঁধেই তুলে নিয়েছেন এক আনকোরা তরুণ, যার নাম কার্লোস এসপি!

এই তো, গেল রাতেও যেমন নিলেন। সেলতা ভিগোর বিপক্ষে শুরুতে পিছিয়েই পড়েছিল রিয়াল। সে গোল শোধ করে দল যখন এগোচ্ছে ড্রয়ের দিকে, ঠিক তখনি দৃশ্যপটে সেই তিনি। তার গোল আবারও পুরো ৩ পয়েন্ট এনে দিল রিয়ালকে, ছুঁয়ে ফেলল লিগের শীর্ষে থাকা বার্সাকেও।

অথচ রিয়ালের চলতি মৌসুমের শুরুটা হয়েছিল বেশ বাজে। সেপ্টেম্বরে ১৫ দিনের এদিক ওদিকে ২ হার দলটাকে ঠেলে দিয়েছিল একেবারে খাদের কিনারে। এতটাই যে, মৌসুমের প্রথম এল ক্লাসিকোর আগে সমীকরণটা ছিল হারলেই ব্যবধানটা গিয়ে ঠেকবে ৯ পয়েন্টে, শিরোপা জেতার সম্ভাবনা মিলিয়ে যাবে অনেকটাই। সেই দলটা যে এখন লিগের শীর্ষে বার্সাকে ছুঁয়ে ফেলল, তার পেছনে তো এই এসপির অবদানই অনেক!

সংখ্যার বিচারেও তার প্রভাবটা খুবই স্পষ্ট। লা লিগায় রিয়ালের প্রাপ্ত পয়েন্টের ২৭.২৭ পয়েন্ট এসেছে এই এসপির কল্যাণে। রিয়ালের অর্জন এখন ৩৩ পয়েন্ট, এর ৯ পয়েন্টই এসেছে কার্লোস এসপির গোলে। লা লিগার তিন গোলই এসেছে এমন তিন ম্যাচে, যেখানে এই গোলগুলো সমতা ভেঙে জয় নিশ্চিত করেছে। হিসাব করলে নয়টি পয়েন্ট, যা এসপি না থাকলে হয়তো আসত না। 

শুধু কি লিগ? চ্যাম্পিয়ন্স লিগেও যে রিয়াল এক কামব্যাকের গল্প লিখে বসল মাসখানেক আগে, রোমার বিপক্ষে সেই ম্যাচেও জালের দেখা পেয়েছেন এসপি। সেই গোলই তো ২ গোলে পিছিয়ে পড়া রিয়ালকে ম্যাচে ফেরার পথ দেখায়!

সব মিলিয়ে এই মৌসুমে এসপির গোল চারটি। এই চার গোলের আবার আলাদা মাহাত্ম্য আছে। সবকটি এসেছে ৮০ মিনিটের পর। এসপানিওলের বিপক্ষে ৯০ মিনিটে, এলচের বিপক্ষে ৯১ মিনিটে, রোমার মাঠে ৮৬, আর সেলতার বিপক্ষে ৮৫ মিনিটে। 

এই চার ম্যাচে তিনি মাঠে ছিলেন মোট ৪০ মিনিট। ১১, ৫, ১২ আর ১২। এর বাইরেও তিনি যেটুকু সময় চলতি মৌসুমে মাঠে থেকেছেন, তার চেয়ে বেশি সময় এক ম্যাচেই খেলেন এমবাপ্পে-বেলিংহামরা। 

সব মিলিয়ে চলতি মৌসুমে তিনি খেলেছেন ৬২ মিনিট, তাতেই চার গোল। মিনিটের বিচারে প্রতি সাড়ে ১৫ মিনিটে করেছেন একটা করে গোল। এত কিছুর পরও কোচ জোসে মরিনিওর অবশ্য সুযোগ মিলছে না তাকে শুরুর একাদশে খেলানোর। এমন তারকাখচিত স্কোয়াড থাকলে ফুরসতটা আর থাকে কোথায়?

তবে এসপি তার দাবি তুলেই যাচ্ছেন। মুখে নয়; পারফর্ম্যান্স দিয়ে, দলকে জিতিয়ে। তাতে একটা প্রশ্নও জাগছে মনে, বদলি হিসেবেই যিনি এমন দুর্ধর্ষ, শুরুর একাদশে এলে না জানি কী করে বসেন!

 

 

কিউএনবি/আয়শা/২২ নভেম্বর ২০২৬,/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit