ডেস্ক নিউজ : আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, একটি রাজনৈতিক দলের চেয়ারম্যানের গাড়িতে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের গণতান্ত্রিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য মারাত্মক হুমকিস্বরূপ। রাজনৈতিক বিরোধের জেরে এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, দেশে শান্তিপূর্ণ, নিরাপদ ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কোনো রাজনৈতিক দলের নেতা কিংবা সাধারণ নাগরিক যেন সন্ত্রাসী হামলার শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে ভূমিকা পালন করতে হবে।
কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৬,/রাত ১০:০০