বিনোদন ডেস্ক : গত বছর কান উৎসবে পাম দ’অর বিজয়ী ইরানের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহিকে চলতি বছরের অক্টোবর মাসে পাঁচ বছর এক মাসের কারাদণ্ড দিয়েছেন তেহরানের বিপ্লবী আদালত। এই সাজার তীব্র নিন্দা জানিয়ে পানাহির কারাবাস ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ।

দুই দশক ধরে ইরান সরকারের সঙ্গে বারবার মতবিরোধে জড়িয়েছেন পানাহি। চলচ্চিত্র নির্মাণের দায়ে একাধিকবার গ্রেপ্তার ও কারাবরণের শিকার হওয়া সত্ত্বেও তিনি নিজের কাজ চালিয়ে গেছেন। এত বিপদের মুখেও তিনি চিরতরে দেশ ছাড়তে বা নির্বাসনে যেতে রাজি হননি। ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’ সিনেমার প্রচারণায় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ সফর শেষে ২০২৬ সালের মার্চ মাসে তিনি ইরানে ফিরে যান। এর আগে ভ্যারাইটি পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে পানাহি বলেছিলেন, ‘আমি এমন একজন মানুষ, যার নিজের দেশে থাকা প্রয়োজন। সেখানেই আমার শ্বাস নেওয়া ও কাজ করা দরকার। তারা যদি আমাকে জেলে পাঠাতে চায়, পাঠাতে পারে। দেশে ফেরার সিদ্ধান্ত থেকে কোনো কিছুই আমাকে টলাতে পারবে না।’
কান উৎসবের সঙ্গে জাফর পানাহির সম্পর্ক বেশ পুরোনো। ১৯৯৫ সালে ‘দ্য হোয়াইট বেলুন’ সিনেমার জন্য তিনি ক্যামেরা দ’অর জেতেন। এরপর ২০০৩ সালে ‘ক্রিমসন গোল্ড’ জেতে আঁ সার্তাঁ রিগা জুরি প্রাইজ এবং ২০১৮ সালে ‘থ্রি ফেসেস’ জেতে সেরা চিত্রনাট্যের পুরস্কার। ২০১০ সালে তিনি যখন ইরানে বন্দী, তখন তাকে কানের জুরি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রতীকী প্রতিবাদ হিসেবে পানাহির সম্মানে একটি চেয়ার ফাঁকা রাখা হয়। ২০২৫ সালে দীর্ঘ ১৫ বছর পর নিজের কারাবাসের অভিজ্ঞতার আলোকে নির্মিত ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’ সিনেমার জন্য সর্বোচ্চ পুরস্কার পাম দ’অর গ্রহণ করতে সশরীরে কান উৎসবের মঞ্চে ওঠেন পানাহি।
কিউএনবি/আয়শা/১৯ নভেম্বর ২০২৬,/রাত ১১:১৫