বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

অবসরের পাঁচ বছর পর হল অব ফেমে অ্যাশলে বার্টি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

স্পোর্টস ডেস্ক : মাত্র ২৫ বছর বয়সে পেশাদার টেনিস থেকে অবসরের ঘোষণা দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন অ্যাশলে বার্টি। ক্যারিয়ারের সেরা সময়েই কোর্টকে বিদায় জানানো সেই অস্ট্রেলিয়ান তারকা এবার জায়গা করে নিচ্ছেন টেনিসের কিংবদন্তিদের তালিকায়। ২০২৭ সালে ইন্টারন্যাশনাল টেনিস হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হবে তিনবারের গ্র্যান্ড স্লামজয়ী এই খেলোয়াড়কে।

হল অব ফেমের সহসভাপতি কিম ক্লাইস্টার্স ও প্যাট্রিক ম্যাকেনরোর সঙ্গে ফোনালাপের মাধ্যমে সুখবরটি জানতে পারেন বার্টি। পরে রজার ফেদেরার ও মার্টিনা নাভ্রাতিলোভাসহ হল অব ফেমের প্রায় ২০ জন সদস্য ব্যক্তিগতভাবে তাকে অভিনন্দন জানান। টেনিস ক্যারিয়ারে অসাধারণ সাফল্য পেয়েছেন বার্টি। ২০১৯ সালে ফ্রেঞ্চ ওপেন জয়ের পর ২০২১ সালে উইম্বলডনের শিরোপা উঁচিয়ে ধরেন তিনি।

এরপর ২০২২ সালে নিজের ঘরের মাঠে অস্ট্রেলিয়ান ওপেন জিতে ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম পূর্ণ করেন। তার এই জয়ের মধ্য দিয়ে দীর্ঘ ৪৪ বছর পর মেয়েদের এককে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা নিজেদের ঘরে রাখতে সক্ষম হয় স্বাগতিক দেশ। এছাড়া ২০১৮ সালে ইউএস ওপেনের দ্বৈত শিরোপাও জিতেছিলেন তিনি। টানা ১১৪ সপ্তাহ নারী এককের বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখার কৃতিত্বও রয়েছে তার।

টেনিসের পাশাপাশি ক্রিকেটেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন বার্টি। ২০১৫-১৬ মৌসুমে নারী বিগ ব্যাশ লিগে খেলেছিলেন তিনি। সাত ম্যাচে ব্যাট হাতে করেছিলেন ৬৮ রান। তবে ২০২২ সালে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের মাত্র দুই মাস পরই সবাইকে অবাক করে দিয়ে অবসরের ঘোষণা দেন এই তারকা। পরবর্তী সময়ে গলফার গ্যারি কিসিককে বিয়ে করেন তিনি।

হল অব ফেমে অন্তর্ভুক্তির খবর পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বার্টি জানান, এই স্বীকৃতি পেয়ে তিনি অত্যন্ত সম্মানিত ও কৃতজ্ঞ। অস্ট্রেলিয়ার যেসব কিংবদন্তি খেলোয়াড় অতীতে টেনিসকে এগিয়ে নিয়েছেন এবং দেশের প্রতিনিধিত্ব করেছেন, তাদের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছেন বলে জানান তিনি। সেই কিংবদন্তিদের পাশে নিজের নাম দেখতে পাওয়াকে অবিশ্বাস্য অনুভূতি হিসেবেও উল্লেখ করেন।

তবে এই সম্মান পাওয়ার পরও কিছুটা দ্বিধায় রয়েছেন বার্টি। তার মতে, হল অব ফেম মূলত টেনিসের সর্বকালের সেরা কিংবদন্তিদের জন্য। এখনই নিজেকে সেই পর্যায়ের খেলোয়াড় মনে করেন না বলেও জানিয়েছেন তিনি। বার্টির পাশাপাশি ২০২৭ সালের হল অব ফেমে জায়গা করে নিচ্ছেন হুইলচেয়ার টেনিসের জাপানি কিংবদন্তি শিনগো কুনিয়েদা। প্যারালিম্পিকে চারটি স্বর্ণপদকজয়ী এই তারকা হুইলচেয়ার টেনিসে এককে জিতেছেন রেকর্ড ২৮টি গ্র্যান্ড স্লাম শিরোপা। বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেও ছিলেন মোট ৫৮২ সপ্তাহ। তার অন্তর্ভুক্তির মধ্য দিয়ে হল অব ফেমে প্রথমবারের মতো জায়গা পেতে যাচ্ছেন কোনো জাপানি খেলোয়াড়।

আগামী বছরের আগস্টে যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের নিউপোর্টে আনুষ্ঠানিকভাবে বার্টি ও কুনিয়েদাকে হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হবে। এই স্বীকৃতিকে নিজের জন্য অসাধারণ সম্মান হিসেবে দেখছেন কুনিয়েদাও। হুইলচেয়ার টেনিসের প্রচলিত সীমাবদ্ধতা ভেঙে খেলাটিকে নতুন উচ্চতায় নেওয়াই ছিল তার লক্ষ্য। দীর্ঘ ক্যারিয়ারে পাশে থাকা পরিবার, দল ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামী বছর নিউপোর্টের অনুষ্ঠানের অপেক্ষায় থাকার কথাও জানিয়েছেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৯ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit