স্পোর্টস ডেস্ক : আম্পায়ারের আউটের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে শাস্তির মুখে পড়েছেন আফগানিস্তানের দুই ক্রিকেটার আব্দুল মালিক ও ইকরাম আলিখিল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুজনকেই আনুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়েছে। পাশাপাশি তাদের প্রত্যেকের নামের পাশে যুক্ত হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট।
শারজায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অসদাচরণের কারণে এই শাস্তি পেয়েছেন তারা। আইসিসির আচরণবিধির ২.৮ ধারা অনুযায়ী, মাঠে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করা শাস্তিযোগ্য অপরাধ। আফগানিস্তানের দ্বিতীয় ইনিংসে পৃথক দুটি ঘটনায় এই নিয়ম ভঙ্গ করেন মালিক ও ইকরাম। ইনিংসের দ্বিতীয় ওভারে আউট হওয়ার পর ক্রিজ ছাড়তে গড়িমসি করেন আব্দুল মালিক। এ সময় আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে অঙ্গভঙ্গির মাধ্যমেও নিজের প্রতিক্রিয়া জানান তিনি।
অন্যদিকে ইনিংসের ৫৪তম ওভারে ক্যাচ দিয়ে আউট হওয়ার পর দুই হাত ওপরে তুলে অসন্তোষ প্রকাশ করেন ইকরাম আলিখিল। তিনিও আম্পায়ারের সিদ্ধান্তের পরপরই মাঠ ছাড়তে দেরি করেন। তাদের এমন আচরণের পরিপ্রেক্ষিতে দুজনের বিরুদ্ধেই আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনা হয়। তবে অভিযোগ ওঠার পর নিজেদের ভুল স্বীকার করে নেন মালিক ও ইকরাম। ম্যাচ রেফারির দেওয়া শাস্তিও মেনে নেওয়ায় এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। ফলে সতর্কবার্তার পাশাপাশি দুজনের শাস্তি হিসেবে একটি করে ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে।
কিউএনবি/আয়শা/১৯ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:১২