বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম
ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়ে যে নির্দেশ দিলেন হাইকোর্ট রোনালদোর ‘৭’ পরে গোলে করে মেসির মতো উদযাপন, কে এই ফোর্বস? আশুলিয়ায় কেমিক্যাল ব্যবহারে জর্দা তৈরি, জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ ভর্তি পরীক্ষা স্থগিত নিয়ে হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি ওয়ার্নার-খাজার অভিযোগে নতুন করে খুলছে অস্ট্রেলিয়ার ‘স্যান্ডপেপার’ ফাইল আরও কমলো স্বর্ণের দাম, ভরি কত? মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট কুমিল্লায় সাবেক এমপি বাহারের বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, পুলিশের জিপে আগুন ‘আকভান’র আরও শক্তি বৃদ্ধি, ঘূর্ণিঝড়টির সর্বশেষ অবস্থান

রোনালদোর ‘৭’ পরে গোলে করে মেসির মতো উদযাপন, কে এই ফোর্বস?

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২৪ Time View

স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদোর বিদায়ের পর নতুন নেতৃত্ব খুঁজছে পর্তুগাল। সেই যাত্রায় নতুন এক মুখের আবির্ভাব ঘটেছে। রোনালদোর বিখ্যাত ৭ নম্বর জার্সি গায়ে চাপিয়ে জাতীয় দলের হয়ে নিজের ম্যাচেই প্রথম গোল করেছেন কার্লোস ফোর্বস। এই গোলের পর তিনি উদযাপনটা আবার করেছেন লিওনেল মেসির মতো! 

ক্লাব ব্রুগের হয়ে খেলা ফোর্বসের জন্য এটি ছিল বিশেষ এক রাত। জাতীয় দলের হয়ে তিন ম্যাচ খেললেও এর আগে গোলের দেখা পাননি তিনি। তিনটি ম্যাচেই বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। ম্যাচ শেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে ফোর্বস বলেন, ‘এটি বিশেষ এক অনুভূতি। আজকের দিনটি আমি ভুলব না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা জিততে পেরেছি। এ জন্য আমি খুশি।’রোনালদোর ৭ নম্বর জার্সি পরার দায়িত্ব পেয়েছিলেন ফোর্বস। জার্সির নম্বরে ছিল সাবেক অধিনায়কের প্রতি বিশেষ শ্রদ্ধার চিহ্ন। তবে এই জার্সি পরতে বাড়তি চাপ অনুভব করেননি বলে জানিয়েছেন তিনি।

ফোর্বস বলেন, ‘আমি জানি, এই নম্বরের বিশেষ গুরুত্ব আছে। তবে এটি পরে আমার ওপর বাড়তি কোনো চাপ অনুভব হয়নি।’পর্তুগালের সিন্ত্রায় ২০০৪ সালের ১৯ মার্চ জন্ম ফোর্বসের। তার ফুটবলের শুরু স্পোর্টিং সিপির একাডেমিতে। পরে পরিবারের সঙ্গে ইংল্যান্ডে চলে যান তিনি। ২০১৪ সালে যোগ দেন ম্যানচেস্টার সিটির যুব দলে। সেখানে নিজের প্রতিভার প্রমাণ দেন। যুব ফুটবলে মৌসুমের সেরা খেলোয়াড়ের স্বীকৃতিও পান।

২০২৩ সালে যোগ দেন আয়াক্সে। ১৯ বছর বয়সে হেরাক্লেস আলমেলোর বিপক্ষে ডাচ লিগে পেশাদার ফুটবলে অভিষেক হয় তার। আমস্টারডামে থাকতেই মায়ের পদবি নিজের নামের সঙ্গে যুক্ত করেন তিনি। আগে তার নাম ছিল কার্লোস বর্জেস। পরে নাম বদলে হয় কার্লোস ফোর্বস। এরপর উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সে ধারে খেলেন তিনি। ২০২৪-২৫ মৌসুমে ক্লাবটিতে ছিলেন ফোর্বস। পরে যোগ দেন বেলজিয়ামের ক্লাব ব্রুগে। ২০২৯ সাল পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তি রয়েছে তার।

গিনিবিসাউ বংশোদ্ভূত ফোর্বসের নাগরিকত্ব পর্তুগাল ও গিনিবিসাউ—দুই দেশেরই। বয়সভিত্তিক সব পর্যায়েই পর্তুগালের হয়ে খেলেছেন তিনি। ২০২৫ সালে জাতীয় দলে অভিষেক হয় তার। ওয়েলসের বিপক্ষে জয়ের দিনে অবশ্য শুধু ফোর্বসের গোলই আলোচনায় ছিল না। এই জয়ে নেশনস লিগের গ্রুপে শীর্ষস্থান নিশ্চিত করেছে পর্তুগাল। আগামী মার্চে কোয়ার্টার ফাইনালেও খেলবে দলটি। তবে জয় পেলেও পর্তুগালের পারফরম্যান্স খুব একটা স্বস্তি দেয়নি। আগের ম্যাচে ডেনমার্কের কাছে ৪-১ গোলে হেরেছিল দলটি। ওয়েলসের বিপক্ষেও রক্ষণে দুর্বলতা দেখা গেছে।

ম্যাচের ১১ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ শটে পর্তুগালকে এগিয়ে দেন ব্রুনো ফার্নান্দেজ। তবে দুই মিনিট পরই ডেভিড ব্রুকসের গোলে সমতায় ফেরে ওয়েলস। ৪০ মিনিটে দ্রুত পাল্টা আক্রমণ থেকে গোল করেন সরবা থমাস। তাতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকেরা। বিরতির ঠিক আগে ৪২ মিনিটে পেদ্রো নেতোর গোলে সমতা ফেরায় পর্তুগাল। দ্বিতীয়ার্ধেও দুই দলের লড়াই ছিল সমানে সমান। পর্তুগাল গোলের সুযোগ তৈরি করলেও নিয়ন্ত্রণ ধরে রাখতে পারছিল না। একবার নেতোর শট পোস্টে লেগে ফিরে আসে।

গোলের জন্য কোচ জর্জ জেসুস বদলি হিসেবে মাঠে নামান জোয়াও ফেলিক্স ও ফোর্বসকে। তাদের মাঠে নামানোর সুফল পায় পর্তুগাল। ৭০ মিনিটে ফোর্বসের গোলেই এগিয়ে যায় দলটি। তবে চার মিনিট পরই বিপদে পড়ে পর্তুগাল। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নেতো। ফলে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় দলটিকে। শেষ দিকে ওয়েলসের আক্রমণ সামলে জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।

এই জয়ে গ্রুপ পর্বের ছয় ম্যাচের পাঁচটিতে জিতেছে পর্তুগাল। তবে রোনালদোবিহীন দলটির সামনে এখনো বড় চ্যালেঞ্জ রয়েছে। জাতীয় দলের হয়ে রোনালদো ২৩৪ ম্যাচে করেছেন ১৪৬ গোল। তিনি পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা।

অন্যদিকে তিন ম্যাচে ফোর্বসের গোল মাত্র একটি। অবশ্য এই মুহূর্তে দুজনের তুলনা চলে না। তবে নতুন ৭ নম্বর জার্সিধারী হিসেবে নিজের জায়গা তৈরি করতে চান ফোর্বস। জাতীয় দলে নিয়মিত সুযোগ পেতে আরও পরিশ্রম করতে চান তিনি। ফোর্বস বলেন, ‘আমাকে কাজ করে যেতে হবে। শুধু জাতীয় দলে নয়, ক্লাবের হয়েও পরিশ্রম করতে হবে। কোচকে দেখাতে হবে, আমাকে দলে ডাকতে পারেন।’ রোনালদোর শূন্যতা পূরণ করা সহজ নয়।

শুধু ৭ নম্বর জার্সি অন্য কারও গায়ে চাপালেই সেই দায়িত্ব শেষ হবে না। ডেনমার্কের কাছে হার ও ওয়েলসের বিপক্ষে কঠিন জয় সেটিই মনে করিয়ে দিয়েছে। তবে প্রথম গোলেই ফোর্বস বুঝিয়ে দিয়েছেন, পর্তুগালের ভবিষ্যৎ পরিকল্পনায় জায়গা করে নেওয়ার সামর্থ্য তার আছে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ নভেম্বর ২০২৬,/দুপুর ১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit