এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা উপজেলা বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় বাজারের বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানে তদারকি করা হয়। অভিযানে তাহাজ্জত বেকারিতে লাইসেন্সবিহীন কোম্পানির কিছু খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভারতীয় বীজ বিক্রির দায়ে বকুল বীজ ভান্ডারকে ৪৩ ধারায় ৫ হাজার টাকা এবং খোলা অবস্থায় বীজ বিক্রির দায়ে বুলু বীজ ভান্ডারকে ৪৫ ধারায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তাদের স্বার্থ সুরক্ষা, নিরাপদ খাদ্যপণ্য নিশ্চিত করা এবং বাজারে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এদিকে উপজেলার চাঁদপাড়া বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। আদালত সুত্রে জানা যায়, পরিচালিত অভিযানে চাঁদপাড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে লিপ্টন হোসেন এবং গুয়াতলী গ্রামের আইনদ্দীনের ছেলে জাহিদ হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম বলেন, জনস্বার্থ ও ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ বীজ ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৪৪