জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তিন পার্বত্য জেলায় সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৭৫টি পরিবেশবান্ধব মুরগি পালন শেড বিতরণ করা হয়েছে। ক্ষুদ্র ও প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করা, পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ এবং গ্রামীণ অর্থনীতিতে নারীদের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু।
এ সময় মাটিরাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুমেন চাকমা, লাইভস্টক এক্সটেনশন অফিসার ডা. কল্পনা চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দীন আহমেদ, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো.শাহ জালাল কাজল,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হক সবুজ, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর মো. আসগর হোসেনসহ প্রকল্পের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুমেন চাকমা বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন তিন পার্বত্য জেলায় সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় মাটিরাঙ্গা পৌরসভা, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন ও বেলছড়ি ইউনিয়নে প্রতিটিতে ২৫টি করে মোট ৭৫টি পরিবেশবান্ধব মুরগি পালন শেড বিতরণ করা হয়েছে।
মাটিরাঙ্গা পৌরসভার উপকারভোগী ক্রাবাই মারমা বলেন, “পরিবেশবান্ধব মুরগি পালন শেড পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। এর মাধ্যমে বাড়িতে স্বাস্থ্যসম্মত পরিবেশে মুরগি পালন করতে পারব। এতে পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয় করে সংসারের স্বচ্ছলতা ফেরাতে সহায়তা হবে। এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকলে আমাদের মতো সাধারণ মানুষ আরও উপকৃত হবে।
মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল বলেন, “প্রাণিসম্পদ খাত গ্রামীণ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক পরিবারের সদস্যরা হাঁস-মুরগি পালনের মাধ্যমে নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন করতে পারেন। সরকারের এ ধরনের উদ্যোগ কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকৃত উপকারভোগীরা যেন এ সুবিধার যথাযথ ব্যবহার করতে পারেন, সেদিকে গুরুত্ব দিতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু বলেন, বর্তমান সরকারের এ প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে প্রাণিসম্পদ খাতের উন্নয়নের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করা। পরিবেশবান্ধব পদ্ধতিতে মুরগি পালন করলে একদিকে যেমন পরিবারের পুষ্টির চাহিদা পূরণ হবে, অন্যদিকে বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি হবে।
উপকারভোগীদের দেওয়া শেডগুলো যথাযথভাবে ব্যবহার ও পরিচর্যার মাধ্যমে নিজেদের স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতে হবে।”তিনি আরও বলেন, “সরকারি সহায়তার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রকল্পের সুফল যেন প্রকৃত উপকারভোগীদের পরিবারে পৌঁছায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৪৪