বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ওয়েট অ্যান্ড সি ডা. শফিকুর রহমান: রাশেদ খান ইউরোপের যেসব দেশে হামলা চালাতে পারে ইরান সেদিন বারিধারা কার দরবারে হাজিরা দিয়েছিলেন, জামায়াত আমিরের উদ্দেশে প্রশ্ন ইসরাইলের পাশে থাকা পুরনো মিত্ররা কেন মুখ ফিরিয়ে নিচ্ছে? নেতানিয়াহু ক্ষমতায় থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না: ইসরাইলি এমপি জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজানের বাকি কত দিন? পশ্চিম প্রশান্ত মহাসাগরে চীনের সামরিক তৎপরতা, সতর্ক অবস্থানে তাইওয়ান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক ‘অর্থনৈতিক চাপে কাবু হলেও যুক্তরাষ্ট্রের কাছে মাথা নোয়াবে না ইরান’ রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন সেনা কর্মকর্তা গ্রেফতার

পশ্চিম প্রশান্ত মহাসাগরে চীনের সামরিক তৎপরতা, সতর্ক অবস্থানে তাইওয়ান

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম প্রশান্ত মহাসাগরে বিমানবাহী রণতরি ও নৌবাহিনীর অন্যান্য যুদ্ধজাহাজ নিয়ে সামরিক মহড়া চালাচ্ছে চীন। এই মহড়ার মাধ্যমে সম্ভাব্য সংঘাতের সময় ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রসহ বাইরের কোনো দেশের সামরিক বাহিনীর প্রবেশ ঠেকানোর সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে বেইজিং।

গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে চীন। দ্বীপটির আশপাশের আকাশ ও জলসীমায় নিয়মিত যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ পাঠায় বেইজিং।

গত সপ্তাহে তাইওয়ানের জাতীয় নিরাপত্তা পরিষদের মহাসচিব জোসেফ উ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চীনের সামরিক তৎপরতা নিয়ে তথ্য প্রকাশ করেন। সেখানে বলা হয়, তাইওয়ানের উপকূল, দক্ষিণ চীন সাগর ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের নৌবাহিনী ও কোস্টগার্ডের ১০০টির বেশি জাহাজ চলাচল করছে।

একই সময়ে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দ্বীপটির আশপাশে চীনা যুদ্ধবিমানের চলাচলও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে চীন আনুষ্ঠানিকভাবে কোনো সামরিক মহড়ার ঘোষণা দেয়নি।

মঙ্গলবার পার্লামেন্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী ওয়েলিংটন কু বলেন, পশ্চিম প্রশান্ত মহাসাগরে চীন সামরিক মহড়া চালিয়েছে। এতে দেশটির লিয়াওনিং বিমানবাহী রণতরি এবং নৌবাহিনীর অন্যান্য প্রশিক্ষণবহর অংশ নেয়।

তিনি জানান, এই মহড়ার অন্যতম উদ্দেশ্য হলো ‘অ্যান্টি-অ্যাকসেস/এরিয়া ডিনায়াল’ বা এ২এডি কৌশল বাস্তবায়নের সক্ষমতা বাড়ানো। এ কৌশলের মাধ্যমে সম্ভাব্য সংঘাতের সময় বাইরের দেশের সামরিক বাহিনীকে নির্দিষ্ট অঞ্চলে প্রবেশ করা থেকে বিরত রাখার চেষ্টা করা হয়।

তাইওয়ানের ক্ষেত্রে এর অর্থ হলো, চীন দ্বীপটিতে সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্র বা তার মিত্র দেশগুলো যাতে তাইওয়ানের সহায়তায় এগিয়ে আসতে না পারে, সেই পরিস্থিতি তৈরি করা।

এ বিষয়ে জানতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে গত মাসে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, লিয়াওনিং বিমানবাহী রণতরির পশ্চিম প্রশান্ত মহাসাগরে প্রশিক্ষণ নিয়মিত বার্ষিক কার্যক্রমের অংশ। দূর সমুদ্রে দীর্ঘ সময় ধরে সামরিক অভিযান পরিচালনার সক্ষমতা যাচাই করতেই এ প্রশিক্ষণ দেওয়া হয়। কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে এটি পরিচালিত হয় না বলেও দাবি করেছিল বেইজিং।

এদিকে আগামী সপ্তাহে চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। সেখানে চীনের প্রেসিডেন্ট সি জিন পিংয়ের সঙ্গে আবারও বৈঠক করার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এ ছাড়া চলতি মাসের শেষ দিকে তাইওয়ানে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এমন গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও রাজনৈতিক ঘটনাপ্রবাহের মধ্যেই চীনের সামরিক মহড়ার বিষয়টি সামনে এসেছে। তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী কু বলেন, চীনের সামরিক তৎপরতার ওপর নিবিড় নজর রাখছে তাইওয়ানের সামরিক বাহিনী। তাঁর মতে, এ ধরনের সামরিক শক্তি প্রদর্শন ইন্দো-প্যাসিফিক অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে।

তিনি আরও জানান, চীনের তৎপরতা পর্যবেক্ষণে বিভিন্ন বাহিনীর গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও অনুসন্ধান কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনা করা হবে। পাশাপাশি মিত্র দেশগুলোর সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদান করা হবে। এসব তথ্য বিশ্লেষণ করে চীনের সামরিক তৎপরতার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তাইওয়ানকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের পথ খোলা রেখেছে চীন। তবে বেইজিংয়ের দাবি, তারা শান্তিপূর্ণভাবে তাইওয়ানের সঙ্গে পুনরেকত্রীকরণ চায়। অন্যদিকে, তাইওয়ান সরকার চীনের সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করে আসছে। তাদের বক্তব্য, দ্বীপটির ভবিষ্যৎ নির্ধারণের অধিকার একমাত্র তাইওয়ানের জনগণের।

 

 

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৬,/রাত ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit