আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের পবিত্র নগরী মদিনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ অস্বীকার করেছে।
তাদের দাবি, সৌদি নেতৃত্বাধীন জোটের এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। হুতিদের সামরিক অভিযান কেবল তেল স্থাপনা ও সামরিক ঘাঁটিকে লক্ষ্য করেই পরিচালিত হচ্ছে।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সৌদি আরবের অভিযোগ প্রত্যাখ্যান করেন।
তিনি বলেন, “আমাদের অভিযান কেবল তেল স্থাপনা ও সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পরিচালিত হয়।”
মদিনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগকে তিনি মিথ্যা বলে আখ্যায়িত করেন।
এর আগে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে জানানো হয়, তাদের বিমান প্রতিরক্ষাব্যবস্থা মদিনা অঞ্চলের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে এবং সেটি আকাশেই ধ্বংস করে দেয়।
জোটের দাবি অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটি মদিনা অঞ্চলের দিকে নিক্ষেপ করা হয়েছিল। তবে হুতিদের পক্ষ থেকে এ ধরনের কোনও হামলার কথা স্বীকার করা হয়নি। বরং তারা সৌদি আরবের বক্তব্যকে ভিত্তিহীন বলে দাবি করেছে।
পবিত্র নগরী মদিনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
তবে এ ঘটনায় ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণস্থল, হামলার সুনির্দিষ্ট লক্ষ্য কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি। সূত্র: আল-জাজিরা
কিউএনবি/অনিমা/০৫ নভেম্বর ২০২৬,/রাত ৮:৫৭