শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

আশুলিয়ায় নির্বিঘ্নে উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান ডিআইজির

মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৪৭ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : শিল্পাঞ্চল আশুলিয়ায় কারখানার মালিক ও সাধারণ শ্রমিকদের নিশ্চিন্তে এবং নির্বিঘ্নে উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার বিভিন্ন শিল্পকারখানা পরিদর্শন শেষে মালিক ও শ্রমিকদের উদ্দেশে তিনি এ আহ্বান জানান।
এসময় ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, শিল্পকারখানা ও শ্রমিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে। এখন পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছেন, তাদের কেউই সাধারণ শ্রমিক নন বলেও জানান তিনি। তিনি আরও জানান, সাধারণ শ্রমিকদের কারখানার ভেতরে ও বাইরে সর্বত্র নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। তাই কোনো ধরনের আতঙ্ক বা বিভ্রান্তিতে না পড়ে মালিক ও শ্রমিকদের স্বাভাবিক পরিবেশে উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, চলমান পরিস্থিতিকে শ্রমিক আন্দোলন বলা ঠিক নয়। শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়ে সরকার ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করেছে এবং শ্রমিকরা স্বাভাবিকভাবেই কাজ করছিলেন। পরে বহিরাগতরা কারখানায় ঢিল ছুড়লে শ্রমিকরা বাইরে বের হয়ে আসেন। এতে পরিস্থিতি নিয়ে আতঙ্ক সৃষ্টি হলে মালিকপক্ষ কারখানা ছুটি ঘোষণা করে। এসময় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৫ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit