শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : যুবসমাজ ও শিক্ষার্থীদের মাদক সহ অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে নেত্রকোণার পূর্বধলায় ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলমের উদ্যোগে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। আজ মঙ্গলবার (৩নভেম্বর) দুপুরে পূর্বধলা উপজেলা পরিষদের হলরুমে সংসদ সদস্যের পক্ষ থেকে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম।
বিতরণ করা ক্রীড়া সামগ্রীর মধ্যে রয়েছে ক্যারমবোর্ড, ফুটবল, ব্যাডমিন্টন, ভলিবল, ক্রিকেট সেট, স্কিপিং রোপসহ মোট ১৩ধরনের সামগ্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক, উপজেলা যুবদলের সাবেক সভাপতি দেলোয়ার আহমেদ দর্পন, যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো. আব্রাহাম লিংকন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জি.এম ফখরুল হাসান এবং হোগলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হীরা মিয়া।
এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তাদের মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখার পাশাপাশি পড়াশোনায় মনোযোগী ও শৃঙ্খলাবোধসম্পন্ন হতে সহায়তা করে।
তাই শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার সুযোগ তৈরি করতে হবে। কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জি.এম ফখরুল হাসান বলেন, সংসদ সদস্য মানসুরা আলম শিক্ষার্থীদের মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে এবং খেলাধুলায় উৎসাহিত করতে তাঁর পক্ষ থেকে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন। পর্যায়ক্রমে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হবে।
কিউএনবি/আয়শা/০৪ নভেম্বর ২০২৬,/দুপুর ১:৩৩