আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে মেয়েদের শিক্ষা বন্ধ রাখার সিদ্ধান্তকে সমর্থন করে ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের তোপের মুখে পড়েছেন বিতর্কিত ইসলামি বক্তা ড. জাকির নায়েক।
সম্প্রতি এক ভিডিওতে জাকির নায়েক দাবি করেন, তালেবান সরকার আফগান মেয়েদের শিক্ষা বন্ধ করেনি, বরং নিরাপদ পরিবেশ ও প্রয়োজনীয় নারী শিক্ষকের অভাব থাকায় তা সাময়িকভাবে পিছিয়ে দিয়েছে। সেখানে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত মেয়েরা স্কুলে যাচ্ছে বলেও জানান তিনি। তবে তিন দেশ থেকেই জাকির নায়েকের এই বক্তব্যের কড়া প্রতিবাদ এসেছে।
নোবেলজয়ী মালালা ইউসুফজাইয়ের বাবা জিয়াউদ্দিন ইউসুফজাই এই বক্তব্যকে হতাশাজনক বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, নারী শিক্ষকের অভাবের কথা বলে মেয়েদের অনির্দিষ্টকালের জন্য ঘরে আটকে রাখা কোনো যুক্তি হতে পারে না।
নির্বাসিত আফগান এমপি মরিয়ম সোলাইমানখিল কটাক্ষ করে বলেন, যে তালেবান নারী শিক্ষকদের কাজ করাই নিষিদ্ধ করেছে, তাদের অধীনে মেয়েরা নারী শিক্ষকের জন্য অপেক্ষা করছে—এমন যুক্তি হাস্যকর।
একইভাবে ভারতীয় ইতিহাসবিদ রুচিকা শর্মাও একে একটি বড় ধরনের মানবাধিকার লঙ্ঘনের সমর্থন বলে তীব্র নিন্দা জানান।
উল্লেখ্য, ২০১৬ সালে তদন্তের মুখে ভারত ছাড়ার পর ২০১৭ সাল থেকে জাকির নায়েক মালয়েশিয়ায় বসবাস করছেন। অন্যদিকে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ জানিয়েছে, ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তানের প্রায় ২৬ লাখ কিশোরী মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত রয়েছে।
সূত্র: এনডিটিভি
কিউএনবি/আয়শা/০১ নভেম্বর ২০২৬,/রাত ৮:০৫