ডেস্ক নিউজ : নামাজের অন্যতম প্রধান একটি শর্ত হলো সতর ঢাকা। বিশেষ করে নারীদের ক্ষেত্রে শরীর ও মাথার চুল পুরোপুরি আবৃত রাখা ফরজ। কিন্তু অনেক সময় তাড়াহুড়োয় বা অজ্ঞতাবশত পাতলা ওড়না দিয়ে মাথা ঢাকলে চুল কিছুটা দৃশ্যমান হয়ে যায়, যা নিয়ে অনেকের মনেই সংশয় কাজ করে। আজ আমরা জেনে নেব পাতলা ওড়নার ব্যবহার, চুল উন্মুক্ত হওয়ার বিধান এবং চুল খোঁপা করার সঠিক মাসয়ালা।
১. পাতলা ওড়না ব্যবহারের বিধান
নামাজে নারীর চুল সম্পূর্ণ ঢেকে রাখা জরুরি। তাই ওড়না বা কাপড় এমন পরিমিত ও ঘন হওয়া আবশ্যক, যা মাথায় দিলে ভেতর থেকে চুল দেখা যায় না। কিছু পাতলা ওড়না বা কাপড় রয়েছে, যা দিয়ে মাথা ঢাকার পরও মাথার চুল স্পষ্টভাবে বাইরে থেকে দেখা যায়। এ ধরনের স্বচ্ছ বা পাতলা ওড়না মাথায় দিয়ে নামাজ আদায় করলে নামাজ সহিহ বা শুদ্ধ হবে না। (আল-মাবসুত, সারাখসি ১/৩৪; বাদায়েউস সানায়ে ১/৫১৪; খুলাসাতুল ফতোয়া ১/৭৩; তাবয়িনুল হাকায়েক ১/২৫২; আল-বাহরুর রায়েক ১/২৬৮; রদ্দুল মুহতার ১/৪১০)
২. অসতর্কতাবশত চুল বের হয়ে গেলে কী হবে?
মোটা ও মানসম্মত ওড়না পরিহিত অবস্থায় যদি অনিচ্ছাচাকৃত বা অসাবধানতাবশত দু-একটি চুল বের হয়ে যায়, তবে সঙ্গে সঙ্গে নামাজ ভেঙে যায় না। কেননা ফিকহের মূলনীতি অনুযায়ী, মহিলাদের সতরের ক্ষেত্রে মাথার সব চুল মিলে মূলত একটি একক অঙ্গ হিসেবে গণ্য করা হয়। সুতরাং, মাথার মোট চুলের এক চতুর্থাংশ (১/৪ অংশ) বা তার বেশি অংশ যদি এমন দীর্ঘ সময় ধরে উন্মুক্ত থাকে—যা ‘সুবহানা রাব্বিয়াল আজিম’ তিনবার বলার সমপরিমাণ সময় হয়— তবে কেবল তখনই নামাজ ফাসেদ বা নষ্ট হবে; অন্যথায় নামাজ ভেঙে যাবে না। (ফতোয়ায়ে শামি ১/৪০৯; ফাতহুল কাদির ১/২২৬)
অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত। নামাজ পড়তে হবে পুরো মাথা ঢেকে পূর্ণ সতর্কতার সঙ্গে, যেন কোনোভাবেই চুলের কোনো অংশ বের হয়ে না যায়।
৩. চুল কি খোঁপা করে রাখা যাবে, নাকি খোলা রাখা ভালো?
অনেকের মনে প্রশ্ন জাগে, নামাজের সময় চুল কি বেঁধে বা খোঁপা করে রাখা উচিত, নাকি খোলা রাখা ভালো?
এ বিষয়ে ইসলামি শরিয়তের কোনো কড়াকড়ি বা বাধা নেই। নামাজের সময় চুল খোঁপা করে রাখা বা স্বাভাবিক রাখা দুটোই জায়েজ। তবে যেহেতু চুল খোলা রাখলে অসতর্কতাবশত রুকু-সেজদার সময় তা ওড়নার ভেতর থেকে উন্মুক্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাই নামাজে চুল সুন্দরভাবে খোঁপা বা বেঁধে রাখাই নিরাপদ ও শ্রেয়। (শরহুল মুনইয়া ২১২; দুররুল মুখতার ১/৪০৫; আলমুহিতুল বুরহানি ২/১৫; আলবাহরুর রায়েক ১/২৭০)
সার-সংক্ষেপ হলো, নারীর নামাজ শুদ্ধ হওয়ার জন্য মাথা ও চুল এমনভাবে ঢাকতে হবে যেন তা দিয়ে চামড়া বা চুল দেখা না যায়। পাতলা কাপড়ে চুল দেখা গেলে নামাজ হবে না, তবে পর্যাপ্ত মোটা ওড়না পরা অবস্থায় সামান্য চুল অনিচ্ছায় বের হয়ে গেলে এবং তা দ্রুত ঠিক করে নিলে নামাজ নষ্ট হয় না। পূর্ণ সতর্কতা ও আদবের সঙ্গে ইবাদত সম্পন্ন করার মাধ্যমেই আমাদের নামাজ পরিপূর্ণতা লাভ করে। মহান আল্লাহ আমাদের মা-বোনদের সঠিকভাবে পর্দা রক্ষা করে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন।
কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১০:৩৮