জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রায় চার একর জমিতে গড়ে তোলা চার হাজার বারমাসী সাজনা গাছের বাগান কেটে ফেলার অভিযোগ উঠেছে পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে।
বাগানটি গড়ে তোলার মাত্র দুই মাসের মাথায় ২-৩ ফুট উচ্চতার অধিকাংশ সাজনা গাছ কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন উদ্যোক্তারা। এতে তাঁদের প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার হরিধন মগপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে বাগানে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান বাগানের পাহারাদার।
একই সঙ্গে শতাধিক তরমুজের চারাও উপড়ে ফেলার অভিযোগ করা হয়েছে। জানা গেছে, নিজেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে দুই মাস আগে হরিধন মগপাড়া এলাকায় প্রায় চার একর জমিতে ‘ইন্ডিয়ান ওডিসি থ্রি’ জাতের বারমাসী সাজনা গাছের বাগান করেন সুদীপ্ত জামানসহ পাঁচ তরুণ উদ্যোক্তা।
বাগানে প্রায় চার হাজার সাজনা গাছের চারা রোপণ করা হয়েছিল। বাগানের ম্যানেজার মো. শামসুল হক বলেন, “বৃহস্পতিবার সারাদিন আমি বাগানেই ছিলাম। শুক্রবার সার ও কীটনাশক দেওয়ার কথা ছিল। কিন্তু সকালে কেয়ারটেকার ফোন করে গাছ কেটে ফেলার বিষয়টি জানান।
পরে বাগানে এসে দেখি ২-৩ ফুট উচ্চতার সব গাছ মাটিতে পড়ে আছে।” তিনি বলেন, “তরুণ উদ্যোক্তারা অনেক স্বপ্ন নিয়ে বাগানটি করেছিলেন। এভাবে গাছগুলো কেটে ফেলায় তাঁদের স্বপ্ন ভেঙে গেছে। সাজনা গাছের পাশাপাশি শতাধিক তরমুজের চারাও উপড়ে ফেলা হয়েছে।”
বাগানের উদ্যোক্তা মো. আরিফুল ইসলাম অভিযোগ করেন, এলাকার স্থানীয় মারমারা শুরু থেকেই বাগানের বিরোধিতা করে আসছিলেন। এ ঘটনায় আমাদের অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।তিনি জানান, ঘটনাটি সেনাবাহিনী ও বিজিবিকে লিখিতভাবে জানানোর পাশাপাশি মাটিরাঙ্গা থানায় অভিযোগ করা হয়েছে।
কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:০০