বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
কপ৩১-এর তিন প্রধান অগ্রাধিকার তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল নিজেদের শীর্ষ দুই কর্মকর্তার কোম্পানির কাছে ঠকছে উত্তরা ব্যাংক, ক্ষতি ৬২ কোটি টাকা দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর চৌগাছায় ফুটপথ দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান ছাত্রলীগের ধর্মঘট প্রতিহতে সাভার-আশুলিয়ায় ছাত্রদলের মোটরসাইকেল মহড়া উলিপুরে বিএনপির মোটর সাইকেল র‌্যালী ২০২৬ সালের ‘গোল্ডেন বয়’ বার্সেলোনার পাউ কুবারসি ক্লপ-জাভির অভিষেকে জার্মানিকে রুখে দিলো নেদারল্যান্ডস ইরানকে ছাড় দিতে কেন বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র?

নিজেদের শীর্ষ দুই কর্মকর্তার কোম্পানির কাছে ঠকছে উত্তরা ব্যাংক, ক্ষতি ৬২ কোটি টাকা

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর মতিঝিলে উত্তরা ব্যাংকের নিজস্ব ১৮ তলা প্রধান কার্যালয় ভবনের চারটি ফ্লোরে দীর্ঘদিন ধরে কার্যক্রম চালাচ্ছে আফতাব গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠান। ২০১২ সালে প্রতিষ্ঠানগুলোকে প্রতি বর্গফুট মাত্র ৬৫ টাকা ভাড়ায় জায়গা দেওয়া হয়েছিল। চুক্তিতে দুই বছর পরপর বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া পুনর্নির্ধারণের শর্ত থাকলেও গত ১৪ বছরে তা কার্যকর হয়নি। বিপরীতে একই ভবনের অন্য প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে প্রতি বর্গফুটে সর্বোচ্চ ২৮০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করছে ব্যাংকটি।

এতে ভাড়া বাবদ ব্যাংকটির অন্তত ৬২ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি আরও গুরুতর হয়ে উঠেছে ব্যাংকটির শীর্ষ দুই কর্মকর্তার সঙ্গে ভাড়াটিয়া প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্টতার কারণে। আফতাব গ্রুপের নির্বাহী চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম উত্তরা ব্যাংকের চেয়ারম্যান। আর গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইফতেখারুল ইসলাম ব্যাংকটির ভাইস চেয়ারম্যান। তাঁদের প্রভাবের কারণে ব্যাংক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ভাড়া পুনর্নির্ধারণ কিংবা প্রতিষ্ঠানগুলোকে ভবন থেকে সরিয়ে দেওয়ার কার্যকর উদ্যোগ নিতে পারেনি বলে অভিযোগ রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদন এবং সংশ্লিষ্ট নথিপত্র বিশ্লেষণেও ভাড়া নিয়ে দীর্ঘদিনের অনিয়মের বিষয়টি উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংক একাধিকবার আপত্তি জানিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেও এখন পর্যন্ত তা পুরোপুরি কার্যকর হয়নি।

বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণ অনুযায়ী, মতিঝিলের বাণিজ্যিক এলাকায় অবস্থিত উত্তরা ব্যাংকের প্রধান কার্যালয় ভবনের অন্তত ৮ হাজার বর্গফুট জায়গা আফতাব গ্রুপের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে ভাড়া দেওয়া হয়েছে। ২০১২ সালে প্রতি বর্গফুট ৬৫ টাকা নির্ধারণ করা হলেও একই ভবনের তুলনামূলক কম সুবিধাজনক অবস্থানে থাকা জায়গা অন্য প্রতিষ্ঠানগুলোর কাছে অনেক বেশি দামে ভাড়া দেওয়া হয়েছে। এতে প্রতি বর্গফুটে ভাড়ার পার্থক্য দাঁড়িয়েছে সর্বোচ্চ ২১৫ টাকা।

এই পার্থক্য ধরে হিসাব করলে মাসে ব্যাংকটির সম্ভাব্য ভাড়া আয় কমেছে ১৭ লাখ ২০ হাজার টাকা। বছরে এর পরিমাণ ২ কোটি ৬ লাখ ৪০ হাজার টাকা। আর ১৪ বছরে এই ব্যবধান দাঁড়ায় ২৮ কোটি ৮৯ লাখ ৬০ হাজার টাকা।

তবে উত্তরা ব্যাংকের অভ্যন্তরীণ হিসাব বিভাগের কর্মকর্তাদের দাবি, চুক্তির শর্ত অনুযায়ী দুই বছর পরপর বাজারদরের ভিত্তিতে ভাড়া পুনর্নির্ধারণ করা হলে ব্যাংকের আর্থিক ক্ষতির পরিমাণ ৬২ কোটি টাকা ছাড়িয়ে যেত। তাঁদের অভিযোগ, বহিঃনিরীক্ষার সময় নানা ফাঁকফোকরের কারণে প্রকৃত ক্ষতির হিসাব যথাযথভাবে তুলে ধরা হয়নি। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দলও এ বিষয়ে একাধিকবার আপত্তি জানিয়েছিল। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ বারবার সময় চেয়েও কেন্দ্রীয় ব্যাংকের কাছে ভাড়ার পূর্ণাঙ্গ হিসাব জমা দেয়নি।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরা ব্যাংকের মতিঝিলের প্রধান কার্যালয় ভবনটি নিজস্ব সম্পত্তি। ব্যাংকের ভবিষ্যৎ সম্প্রসারণ ও কার্যক্রমের কথা বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ১৯৮৯ সালে ভবনটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরবর্তী সময়ে ব্যাংকের নিজস্ব প্রয়োজনের অতিরিক্ত জায়গা বিভিন্ন প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় ২০১২ সালের ৭ ফেব্রুয়ারি ব্যাংকটির তৎকালীন পরিচালক ও বর্তমান চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান ইফতেখারুল ইসলামের স্বার্থসংশ্লিষ্ট পাঁচটি প্রতিষ্ঠানকে ভবনের বিভিন্ন ফ্লোর ভাড়া দেওয়া হয়।

প্রতিষ্ঠানগুলো হলো—পঞ্চম তলায় মেসার্স আফতাব ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড ও আফতাব গ্রুপের প্রধান কার্যালয়, ষষ্ঠ তলায় মেসার্স সি ট্রেড ফার্টিলাইজার লিমিটেড ও মেসার্স মিলনার্স পাম্পস লিমিটেড এবং দশম ও একাদশ তলায় মেসার্স ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। ব্যাংক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত অক্টোবরে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ভবনটি ছেড়ে দিয়েছে।

নথিপত্রে দেখা যায়, ২০১২ সালের ১ জুলাই থেকে কার্যকর হওয়া ভাড়া চুক্তির মেয়াদ ছিল ২০১৮ সালের ৩০ জুন পর্যন্ত। চুক্তিতে প্রতি দুই বছর অন্তর প্রচলিত বাজারদর বিবেচনায় উভয় পক্ষের আলোচনার মাধ্যমে ভাড়া পুনর্নির্ধারণের বিধান রাখা হয়েছিল। পাশাপাশি মাসিক ভাড়ার ওপর সরকারনির্ধারিত ৯ শতাংশ হারে ভ্যাট পরিশোধের শর্তও ছিল।

চুক্তি অনুযায়ী, উভয় পক্ষের সম্মতিতে নির্ধারিত শর্তে লিজের মেয়াদ নবায়ন করা যাবে। মেয়াদ শেষ হওয়ার অন্তত ৬০ দিন আগে ভাড়াটিয়া প্রতিষ্ঠানকে লিখিতভাবে নবায়নের আবেদন করতে হবে। অন্যদিকে, চুক্তির মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে ৩০ দিন আগে ব্যাংক কর্তৃপক্ষকে নবায়নে সম্মতি বা অসম্মতির বিষয়টি লিখিতভাবে জানাতে হবে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দল নথি যাচাই করে চুক্তির পরবর্তী সময়ে ভাড়া বাড়ানোর কোনো প্রমাণ পায়নি।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরা ব্যাংকের বর্তমান পরিচালক ও চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান ইফতেখারুল ইসলামের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে ভাড়া দেওয়ার ক্ষেত্রে গুরুতর অনিয়ম ও অবহেলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বিভিন্ন প্রতিষ্ঠানের ভাড়ার তুলনামূলক চিত্রও তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, আফতাব গ্রুপের প্রতিষ্ঠানগুলোকে প্রতি বর্গফুট ৬৫ টাকা ভাড়ায় জায়গা দেওয়া হলেও একই ভবনের ছাদে গ্রামীণফোনের কাছ থেকে প্রতি বর্গফুট ১৫৮ টাকা ৩৩ পয়সা, র‍্যাংকস আইটির কাছ থেকে ২৮০ টাকা এবং এক্স-নেট লিমিটেডের কাছ থেকে ২৫৮ টাকা ৮২ পয়সা ভাড়া নেওয়া হয়েছে।

ভাড়ার এই বৈষম্য নিয়ে ২০১৪ সালের ১৮ জুন উত্তরা ব্যাংকের কাছে ব্যাখ্যা চায় বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন বিভাগ-১। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৪(৫) ধারায় দেওয়া ক্ষমতাবলে ওই বছরের ৩০ জুন এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ১০ ধারা অনুযায়ী, নিজস্ব ব্যবহারের জন্য প্রয়োজনীয় নয়—এমন স্থাবর সম্পত্তি কোনো ব্যাংক সাত বছরের বেশি রাখতে পারে না। তবে আমানতকারীদের স্বার্থ বিবেচনায় একই আইনের ১০(২) ধারা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংক সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত এ ধরনের সম্পত্তি রাখার সময় বাড়ানোর অনুমতি দিতে পারে।

উত্তরা ব্যাংকের প্রধান কার্যালয়ের কয়েকটি ফ্লোর আটটি প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া হয়েছিল। কোনো কোনো ক্ষেত্রে ভাড়ার মেয়াদ সাত বছর অতিক্রম করলেও এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়নি বলে পরিদর্শন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ ২০১৪ সালের ১২ নভেম্বর ভাড়া চুক্তির মেয়াদ পর্যন্ত প্রতিষ্ঠানগুলোকে ভবনে থাকার অনুমতি দিয়েছিল। একই সঙ্গে ভবিষ্যতে ব্যাংকের কোনো পরিচালককে তাঁর নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠানের অনুকূলে ব্যাংকের ভবন ভাড়া না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

এরপর ২০১৫ সালের ২২ জানুয়ারি উত্তরা ব্যাংকের পক্ষ থেকে আজহারুল ইসলাম ও ইফতেখারুল ইসলামের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে চুক্তির মেয়াদ শেষে ফ্লোর খালি করে দেওয়ার চিঠি দেওয়া হয়। পরবর্তী সময়ে ২০১৮ সালের ১৪ জানুয়ারি, ৭ ফেব্রুয়ারি, ২১ মার্চ ও ২৬ জুন বাংলাদেশ ব্যাংকও চুক্তির মেয়াদ শেষ হওয়া প্রতিষ্ঠানগুলোকে জায়গা ছেড়ে দেওয়ার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দেয়।

কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে একাধিকবার তাগাদা দেওয়া হলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো জায়গা ছাড়েনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে ভাড়া চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও প্রতিষ্ঠানগুলো ভবন ব্যবহার অব্যাহত রাখে। এ নিয়ে ২০১৯ সালে উত্তরা ব্যাংকের পক্ষ থেকে ভাড়াটিয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আদালতে মামলাও করা হয়।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে বলেন, আইন অনুযায়ী কোনো ব্যাংক সাধারণ পরিস্থিতিতে নিজস্ব ভবন অন্য প্রতিষ্ঠানকে ভাড়া দিতে পারে না। পরিস্থিতি একেবারে সংকটাপন্ন হলে সেই সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে সাময়িকভাবে জায়গা ভাড়া দেওয়া যেতে পারে। তবে পরিস্থিতির উন্নতি হলে ওই জায়গা আর ভাড়া দেওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, কোনো ব্যাংক এ নিয়ম লঙ্ঘন করলে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী তা শাস্তিযোগ্য অপরাধ। বিশেষ করে ব্যাংকের চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান তাঁদের স্বার্থসংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানকে ব্যাংকের ভবন ভাড়া দিলে তা আইনের সরাসরি লঙ্ঘন। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অমান্য করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো জায়গা ছেড়ে না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবুল হাশেম ভবন ভাড়া নিয়ে বিভিন্ন অনিয়মের বিষয়টি স্বীকার করে গণমাধ্যমকে বলেন, তাঁরা এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন। কিছু জায়গা খালি করার জন্য তালা লাগানোর ব্যবস্থাও করা হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে সব জায়গা খালি করা হবে। এ বিষয়ে আর কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

ভবন ভাড়া নিয়ে উত্থাপিত অনিয়মের অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে গত ২ নভেম্বর উত্তরা ব্যাংকের চেয়ারম্যান মো. আজহারুল ইসলামের কার্যালয়ে যান প্রতিবেদক। এ সময় তাঁর স্টাফ অফিসার জানান, চেয়ারম্যান কোনো সাংবাদিকের সঙ্গে কথা বলবেন না এবং তিনি ব্যস্ত আছেন।

গত ৮ নভেম্বর আবারও তাঁর কার্যালয়ে গেলে নিরাপত্তাকর্মীরা প্রতিবেদককে ভেতরে প্রবেশ করতে দেননি। পরদিন ৯ নভেম্বর চেয়ারম্যানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেন। তবে প্রতিবেদকের পরিচয় জানার পর সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে একই নম্বরের হোয়াটসঅ্যাপে অভিযোগের বিষয়ে লিখিত বার্তা পাঠানো হয়। গতকাল মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত তিনি কোনো জবাব দেননি।

সৌজন্যে আগামীর সময়।

কিউএনবি/অনিমা/১১ নভেম্বর ২০২৬,/সকাল ১১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit