ম্যাচের প্রথমার্ধে রোমানো শিডের পেনাল্টি গোলে এগিয়ে গিয়েছিল অস্ট্রিয়া। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে হেড থেকে দারুণ এক গোল করে ইসরায়েলকে ১-১ সমতায় ফেরান ২০ বছর বয়সী ফরোয়ার্ড আবু ফারচি। গোলের পরই তিনি দৌড়ে কর্নারের দিকে যান এবং কর্নার ফ্ল্যাগটি তুলে নিয়ে মাঠে ডান হাঁটু গেড়ে বসেন। এরপর বাম হাতের ওপর পতাকার পাইপটি রেখে বন্দুকের মতো তাক করে গুলি ছোড়ার ভঙ্গি করেন। শুরুতে তিনি পুল খেলার কিউ স্টিক নাকি অস্ত্রের ভঙ্গি করছেন তা নিয়ে কিছুটা সংশয় থাকলেও, পরক্ষণেই গুলি ছোড়ার ইশারায় বিষয়টি সবার কাছে স্পষ্ট হয়ে যায়।
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব কলোরাডো র্যাপিডসের হয়ে খেলা এই তরুণ ফুটবলার এর মাত্র চার মিনিট আগেই ম্যাচে নিজের প্রথম হলুদ কার্ড দেখেছিলেন। উসকানিমূলক এই উদযাপনের পর রেফারি তাৎক্ষণিকভাবে তাকে দ্বিতীয় হলুদ কার্ড বা লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের ১২ নম্বর আইন অনুযায়ী, খেলোয়াড়রা নিজেদের মতো গোল উদযাপন করতে পারলেও তা মাত্রাতিরিক্ত হওয়া যাবে না এবং উসকানিমূলক, অবমাননাকর বা উত্তেজনাকর কোনো আচরণের জন্য রেফারি অবশ্যই কার্ড দেখিয়ে সতর্ক করবেন।
আবু ফারচি মাঠ ছাড়ার পর ১০ জনের ইসরায়েলের বিপক্ষে ম্যাচের পুরোপুরি নিয়ন্ত্রণ নেয় অস্ট্রিয়া। নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে, ৯০ মিনিটে পল ওয়ানারের ক্রস থেকে গোল করে দলকে আবারও এগিয়ে নেন ফিলিপ এমওয়েনে। এরপর যোগ করা সময়ে খুব কাছ থেকে করা সাসা কালাজদিকের গোলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
নেশনস লিগে ইসরায়েলের অংশগ্রহণ নিয়ে আগে থেকেই অংশগ্রহণকারী কয়েকটি দেশের মধ্যে তীব্র আপত্তি ও ক্ষোভ রয়েছে। বৃহস্পতিবারের ম্যাচেও মাঠের কাছে অস্ট্রিয়ার সমর্থকদের ফ্রি প্যালেস্টাইন লেখা ব্যানার প্রদর্শন করতে দেখা যায়। এর আগে ভবিষ্যতে ইসরায়েলের মুখোমুখি না হওয়ার জন্য আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন আবেদন জানালেও উয়েফা তা নাকচ করে দেয়। সূচি অনুযায়ী আগামী রবিবার হাঙ্গেরির দেব্রেসেন শহরের নাগিয়েদেই স্টেডিয়ামে নিরপেক্ষ ভেন্যুতে ইসরায়েলের মুখোমুখি হবে আয়ারল্যান্ড এবং আগামী ৪ অক্টোবর ফিরতি লেগে ঘরের মাঠে তাদের আতিথ্য দেবে।
সূত্র: আল জাজিরা