ডেস্ক নিউজ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় দুই গ্রামপুলিশকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার ডুমরিয়া ইউনিয়নের বড় ডুমুরিয়া গ্রামে এঘটনা ঘটে।
আহতরা হলেন- ডুমুরিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গ্রামপুলিশ মোহাম্মদ ইউসুফ শেখ ও ৯ নম্বর ওয়ার্ডের গ্রামপুলিশ শ্যামল কুমার বিশ্বাস। তার মধ্যে ইউসুফ শেখ গুরুতর আহত অবস্থায় টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অপরজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১টায় মৎস্য কর্মকর্তার নির্দেশে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বড়-ডুমুরিয়া বিল থেকে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধার করতে যান চার গ্রামপুলিশ ও একজন দফাদার। প্রায় ৩০-৪০টি জাল উদ্ধারের পর একটি নৌকা নিয়ে ঐ এলাকার তিনজন লোক বিলে গিয়ে তাদের মারধর শুরু করেন। এতে দুই গ্রামপুলিশ ইউসুফ ও শ্যামল আহত হন। পরে তারা চলে গেলে বাকি গ্রামপুলিশ ও দফাদার আহত দু’জনকে উদ্ধার করে টুঙ্গিপাড়া হাসপাতালে ভর্তি করেন।
আহত গ্রামপুলিশ শ্যামল কুমার বিশ্বাস বলেন, উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছারের নির্দেশে বড়-ডুমুরিয়া বিল থেকে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধার করতে যাই। ৩০-৪০টি জাল উদ্ধারের পর৩-৪ জন লোক একটি নৌকায় করে আমাদের কাছে এসেই বলে ‘তোদের বিল থেকে জাল উঠানোর অনুমতি দিয়েছে কে? অনেক টাকার ঋণসহ চারটা মামলা আছে। যদি সাজা হয় হবে, আজকে তোদের ছাড়বো না’ বলে মারধর শুরু করে।
প্রত্যক্ষদর্শী দফাদার অনন্ত বৈদ্য বলেন, তারা মারধর করে চলে যাওয়ার পর আহত দুই গ্রামপুলিশকে আমরা হাসপাতালে ভর্তি করি। দু’জনের মধ্যে গ্রামপুলিশ ইউসুফ গুরুতর আহত অবস্থায় টুঙ্গিপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর আহত গ্রামপুলিশ শ্যামল প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম বলেন, দুই গ্রামপুলিশকে মারধরের পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকাবাসীদের সঙ্গে কথা বলে দোষীদের শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া আহত গ্রামপুলিশদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আর আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ বা মামলা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কিউএনবি/অনিমা/২৩ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৪:২৮