ডেস্ক নিউজ : আমি ফাঁসি চাই না, দেশটা তলিয়ে যাক, এ দেশটা ধ্বংস হয়ে যাক। এ দেশের দরকার নাই-এভাবে মনের ক্ষোভ প্রকাশ করেছেন করেছেন কুমিল্লায় নিহত অপ্রতিমের মা নাহিদা বেগম। নিহত অপ্রতিমের বাড়িতে চলছে শোকের মাতম। দেয়ালে দেয়ালে ছড়িয়ে আছে তার হাসিমুখের স্মৃতি। একমাত্র সন্তানকে হারিয়ে মা কান্নায় ভেঙে পড়েছেন। নির্বাক হয়ে গেছেন অপ্রতিমের বাবাও।
গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে হাসিমুখে বাড়ি থেকে বের হয়েছিল অপ্রতিম। সন্ধ্যা পেরিয়ে রাত হলেও সে আর ফেরেনি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। সন্তান নিখোঁজ হওয়ার পর ফেসবুকে তাকে ফিরে পাওয়ার আকুতি জানিয়েছিলেন মা। কিন্তু শেষ পর্যন্ত জীবিত সন্তানকে ফিরে পাননি তিনি।
আজ রোববার সকালে দ্বিতীয় দফা জানাজা শেষে কোটবাড়ী বাগমারা কবরস্থানে অপ্রতিমের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রথম দফা জানাজা অনুষ্ঠিত হয়।অপ্রতিম হত্যার ঘটনায় অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বাদী হয়ে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় মামলা করেন। পরে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন কয়েকজনকে আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার অপ্রতিমের মরদেহ উদ্ধারের ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা নাহিদ বিলাপ করে বলছিলেন, আমার ছেলে কী অন্যায় করেছে? আমাকে জবাব দেন, আমার ছেলে কী অন্যায় করেছে? আমি এই কুমিল্লায় চাকরি করতে এসেছি, এটা কি আমার অন্যায়?
কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:০৩