আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার আগ্রাসন ঠেকাতে ইউক্রেনের অনুরোধের পর ২.৬৮ বিলিয়ন ডলার মূল্যের বিমান প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির একটি সম্ভাব্য প্রস্তাব অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। স্টেট ডিপার্টমেন্ট কংগ্রেসের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তারা কিয়েভের কাছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন ও সংশ্লিষ্ট সরঞ্জাম ও সেবা বিক্রির একটি সম্ভাব্য ‘বিদেশি সামরিক বিক্রয়’ প্রস্তাব অনুমোদন করেছে।
তথ্য অনুযায়ী, ইউক্রেন যেসব সরঞ্জাম কেনার অনুরোধ জানিয়েছে তার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র, লঞ্চার, ড্রোন-প্রতিরোধী রাডার এবং ট্রেইলার। প্রস্তাবিত এই বিক্রয় প্রক্রিয়াটি কংগ্রেসের পর্যালোচনার সাপেক্ষে কার্যকর হবে। স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, যদি এই ক্রয় প্রক্রিয়াটি চূড়ান্ত হয়, তবে ইউক্রেন ইউরোপীয়দের অবদান এবং পূর্ববর্তী প্রশাসনের সময় বরাদ্দকৃত যুক্তরাষ্ট্রের ‘বিদেশি সামরিক অর্থায়ন’ উভয়ের সমন্বয়ে এর ব্যয় নির্বাহ করবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মাসেই বলেছেন, তিনি ইউরোপীয়দের কাছে সেই মার্কিন সহায়তার অর্থ ফেরত চাইবেন যা তার পূর্বসূরি জো বাইডেনের প্রশাসনের সময় ইউক্রেনকে দেওয়া হয়েছিল। ট্রাম্প দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছেন, ইউক্রেনের জন্য পশ্চিমা সহায়তার ব্যয়ের বড় অংশ ইউরোপীয়দেরই বহন করা উচিত।
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার আক্রমণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে; গোলাবারুদের ঘাটতির কারণে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এসব আক্রমণ প্রতিহত করতে হিমশিম খাচ্ছে।
সূত্র: এএফপি।
কিউএনবি/অনিমা/২০ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ২:৪৬