মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট : জয়পুরহাটে পিপলস ইউনিয়ন অব দি মারজিনালাইজড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পামডো) আয়োজনে এনগেজ প্রকল্প বিষয়ে সাংবাদিকদের অবহিতকরণ উপলক্ষে মিডিয়া ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় সদর উপজেলার কুঠিবাড়ি ব্রীজ এলাকায় পামডো’র শাখা অফিসের কনফারেন্স রুমে এই ডায়ালগ অনুষ্ঠিত হয়।
প্রকল্পের প্রধান লক্ষ্য হলো প্রান্তিক আদিবাসী নারী, কৃষক ও যুবদের মাঝে জলবায়ু পরিবর্তন ও মনুষ্যসৃষ্ট প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় সচেতনতা তৈরি, নিজ অধিকার প্রতিষ্ঠায় অংশগ্রহণমূলক নেতৃত্ব বিকাশ এবং আদিবাসীদের প্রায় বিলুপ্ত ঐতিহ্য ও সংস্কৃতির সংরক্ষণ করা। এসময় প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে জানানো হয়, জয়পুরহাট সদরের তিনটি ইউনিয়নে আদিবাসী নারী, কৃষক, যুব, শিক্ষার্থী ও সমাজের নেতৃস্থানীয় মানুষের মাঝে জলবায়ু পরিবর্তন, পরিবেশগত ঝুঁকি বিষয়ে সচেতনতা বৃদ্ধি, স্থানীয় অংশগ্রহণমূলক উদ্যোগ ও নেটওয়ার্কিং জোরদার করা হবে।
পাশাপাশি আদিবাসীদের ভূমি অধিকার, পরিবেশ বান্ধব জীবিকায় অংশগ্রহণ নিশ্চিত করা সহ বিলুপ্ত প্রায় আদিবাসী সংস্কৃতি সংরক্ষণে সাংস্কৃতিক দল গঠন এবং বিভিন্ন পার্বণ উদযাপন ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে। মিডিয়া ডায়ালগে উপস্থিত ছিলেন পামডোর প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প পরিচালক হৈমন্তী সরকার, জেনারেল ম্যানেজার ও কমিউনিটি কো-অর্ডিনেটর মোঃ শাহাবুর রহমান, কমিউনিটি অর্গানাইজার সুমি রানী ও বিমল চন্দ্র পাহান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রান্তিক জনগোষ্ঠী। তাদের অধিকার সুরক্ষা ও সহনশীল সমাজ গড়তে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কিউএনবি/আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:১২