ডেস্ক নিউজ : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় তুহিন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে কোটবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
কোটবাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মহিবুল আলম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল তদন্ত করছে। তদন্তের অংশ হিসেবে সন্দেহভাজন তুহিনকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সদর দক্ষিণ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় ১৩ বছর বয়সী অপ্রতিম। এরপর আর বাড়ি ফেরেনি সে। বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে ওইদিন সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত অপ্রতিমের মুঠোফোনের অবস্থান গন্ধমতী এলাকায় শনাক্ত হয়েছিল। এরপর ফোনটির আর কোনো অবস্থান পাওয়া যায়নি।
শনিবার দুপুরে কুমিল্লার কোটবাড়ি এলাকার দক্ষিণ মোড়ের দক্ষিণ পাশের একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে মরদেহ উদ্ধারের পরও তার সঙ্গে থাকা মায়ের আইফোনটি পাওয়া যায়নি।
অপ্রতিম বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান।
কিউএনবি/অনিমা/১৯ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৫:৩০