ডেস্ক : হাজারো দর্শকের চোখের সামনে আকাশ থেকে মাটিতে আছড়ে পড়ল গ্রিক বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান। বিকট শব্দে বিস্ফোরণের পর আগুনের গোলায় পরিণত হয় সেটি। মর্মান্তিক এ দুর্ঘটনায় বিমানে থাকা দুই পাইলটই নিহত হয়েছেন। তবে দর্শকসহ কোনো বেসামরিক মানুষ হতাহত হননি।
শনিবার রাজধানী এথেন্সের উত্তরে তানাগ্রা বিমানঘাঁটিতে চলা ‘এথেন্স ফ্লাইং উইক’ এয়ার শোতে এ দুর্ঘটনা ঘটে। গ্রিক বিমানবাহিনীর এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমানটি প্রদর্শনীর অংশ হিসেবে কসরত দেখানোর সময় বিধ্বস্ত হয়।
প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, যুদ্ধবিমানটি দর্শকদের সামনে দিয়ে নিচু উচ্চতায় উড়ছিল। একপর্যায়ে এটি দ্রুত নিচের দিকে নেমে মাটিতে আছড়ে পড়ে। সংঘর্ষের সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায় এবং আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে থাকে।
বিমানটি দর্শকদের সারি থেকে কিছুটা দূরে বিধ্বস্ত হওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়। তবে বিমানের দুই পাইলট ঘটনাস্থলেই মারা যান। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
গ্রিসের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটিকে এক প্রত্যক্ষদর্শী বলেন, দুর্ঘটনার আগে যুদ্ধবিমানটি তিন মিনিটের বেশি আকাশে ছিল না। ঘটনাটি দেখে সেখানে উপস্থিত সবাই হতবাক হয়ে যান।
দুর্ঘটনার পরপরই ব্যাপক উদ্ধার ও অগ্নিনির্বাপণ তৎপরতা শুরু হয়। আগুন নিয়ন্ত্রণে ৮৫ জন দমকলকর্মী কাজ করেন। তাদের সহায়তায় পানি ছোড়ার জন্য ১১টি বিমান ও হেলিকপ্টার ঘটনাস্থলে পাঠানো হয়।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে দুই পাইলট বের হওয়ার সুযোগ পেয়েছিলেন কি না, সে বিষয়েও প্রতিবেদনে জানা যায়নি । তবে দুর্ঘটনায় দুজনই নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।
ঘটনার পর এথেন্স ফ্লাইং উইকের বাকি সব আয়োজন বাতিল করে এলাকা খালি করে দেওয়া হয়। গ্রিসের প্রতিরক্ষামন্ত্রী নিকোস দেনদিয়াসও বিদেশ সফর বাতিল করে দুর্ঘটনাস্থলে যান।
গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস দুই পাইলটের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, দেশটির আকাশসীমা সুরক্ষায় গ্রিক বিমানবাহিনীর সদস্যরা সবসময় ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেন। এই দুর্ঘটনা তাদের প্রতিদিনের ঝুঁকিপূর্ণ দায়িত্বের কথাই মনে করিয়ে দেয়।
দুই পাইলটের মৃত্যুর পর গ্রিক বিমানবাহিনী তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
এদিকে দুর্ঘটনার পর বিমানটি কীভাবে নিয়ন্ত্রণ হারাল এবং নিচু উচ্চতায় কসরত করার সময় কী ঘটেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে গত মে মাসে যুক্তরাষ্ট্রের আইডাহোতে একটি এয়ার শোতে দুটি যুদ্ধবিমান পরস্পরের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিল। তবে ওই ঘটনায় দুই পাইলটই নিরাপদে বিমান থেকে বের হতে সক্ষম হন।
সূত্র: ফক্স নিউজ
কিউএনবি/অনিমা/০৬ সেপ্টেম্বর ২০২৬,/সকাল ১১:০৭